প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে উত্তাল গাইঘাটা
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ ২০মে বিধ্বংসী ঘূর্ণিঝড় আম্ফানে তছনছ হয়ে গিয়েছে পুরো গাইঘাটা এলাকা।মূলতঃ দরিদ্র তপশিলি জাতি ও উপজাতিদের বাস এই ব্লকে। গ্রামের পর গ্রাম দরিদ্র মানুষের বাসস্থান এলোমেলো হয়ে গিয়েছে। ইতিমধ্যে, ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতেও শুরু করেছে। আর সেখানেই বেঁধেছে যত গন্ডগোল।

স্থানীয় মানুষের অভিযোগ, যাঁদের পাকা বাড়ী তাঁরা পাচ্ছেন ক্ষতিপূরণের পুরো কুড়ি হাজার টাকা। অথচ যাঁরা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাঁদের অনেকে আংশিক আবার অনেকে কিছুই পাচ্ছেন না। তার জেরেই চরম অশান্তি সৃষ্টি হয়েছে। সিপিআইএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট আজ গাইঘাটা বিডিও অফিসের সামনে আম্ফানে ক্ষতিগ্রস্তদের জন্য বিক্ষোভ প্রদর্শন করে। প্রায় পাঁচ শতাধিক মানুষ জড়ো হয় বিডিও অফিসের সামনে। স্থানীয় সূত্রে আরও খবর, বামফ্রন্ট ও কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং অঞ্চল ভিত্তিক তালিকা প্রকাশের দাবি করা হয়।

পাশাপাশি, যে যে এলাকায় যে সমস্ত সদস্য অবৈধভাবে টাকা পাইয়ে দিয়ে কাটমানি নিয়েছেন, সেই সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাঁদের গ্রেপ্তার করার দাবিও তোলেন কংগ্রেস ও বামপন্থী নেতারা। এ ছাড়া ক্রমবর্ধমান পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও রাজ্যে করোনা টেস্ট করার ক্ষেত্রে সরকারি উদাসীনতার বিরুদ্ধে সরব হন নেতারা। এই সমাবেশের নেতৃত্ব দেন সিপিআইএমের উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য রমেন আঢ্য, জেলা কমিটির সদস্য সত্য কপাট, শ্রমিক নেতা কপিল ঘোষ, গাইঘাটা পূর্ব এরিয়া কমিটির সম্পাদক স্বপন ঘোষ, গাইঘাটা পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক অনুপম বিশ্বাস সহ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।

