বামফ্রন্টের ডেপুটেশন গোবরডাঙ্গা পৌরসভায়
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বিধ্বংসী ঘূর্ণিঝড় অম্ফান, উত্তর ২৪ পরগনা বিস্তৃত এলাকাজুড়ে তার তাণ্ডবলীলা চালিয়েছে। এখনও এই পৌর এলাকার কয়েকশো মানুষ ত্রিপলের নিচে বসবাস করছেন। বিপর্যয়ের ৪২ দিন পরেও অম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা এবং তাদের ক্ষতিপূরণের বিষয়ে গোবরডাঙা পৌরসভা কোন ভূমিকা গ্রহণ না করায় তার বিরুদ্ধে আজ গোবরডাঙা পৌরসভায় ডেপুটেশন দিল সিপিআইএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট। গোবরডাঙ্গা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বাপি ভট্টাচার্য, সিপিএম নেতা অসীম ঘোষ, ভোলানাথ ব্যানার্জি, পৌরভোটে বিদায়ী কাউন্সিলর বাপি বিশ্বাস, সিপিআই নেতা অরুণ সিনহা প্রমূখ নেতৃবৃন্দ এই কার্যক্রমে অংশ নেন।
প্রায় দেড় শতাধিক মানুষ এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন। এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিআইএম নেতা অশোক পাল, শংকর নন্দী, জ্যোতি শংকর গাঙ্গুলী, সিপিআই নেতা বিধান রায় প্রমূখ। বামফ্রন্টের নেতৃবৃন্দের কাছ থেকে জানা যায়, আগামী সোমবারের মধ্যে সংশোধিত তালিকা প্রকাশ করবে পৌর কর্তৃপক্ষ। নেতৃবৃন্দ আরও জানিয়েছেন তালিকায় স্বচ্ছতা না থাকলে পুনরায় গোবরডাঙা পৌরসভা অভিযান করবে বামফ্রন্ট।

