হাওড়ার মঙ্গলাহাট খোলার দাবিতে পোস্টার

Howrah Mangalahat

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রুটি-রুজিতে টান পড়েছে। হাতছাড়া হয়ে যাচ্ছে ক্রেতা। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলাহাট খোলার দাবি তুলে পোস্টার পড়ল বিভিন্ন জায়গায়। মেটিয়াবুরুজ, অঙ্কুরহাটি-সহ বিভিন্ন জায়গায় বড় হাটগুলি খুলে দেওয়া হয়েছে। অথচ প্রশাসন হাওড়ায় মঙ্গলাহাট খোলার অনুমোদন দিচ্ছে না বলে অভিযোগ। এই অনুমতি দেওয়ার দাবিতে এবার পোস্টার দেখা গেল মঙ্গলাহাটে। এই ধরনের পোস্টারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যও ছড়ায়। উল্লেখ্য, লকডাউনের শুরু থেকেই মঙ্গলাহাট বন্ধ ছিল। তবে আনলক-১ পর্ব থেকে ধাপে-ধাপে জনজীবন ও বাজারহাট স্বাভাবিক হয়ে এলেও মঙ্গলাহাট এখনও খোলা হয়নি।

স্থানীয় সূত্রের আরও খবর, মঙ্গলাহাট না বসার কারণে কয়েক লক্ষ মানুষের রুজি-রুটি সংশয়ের মধ্যে পড়েছে বলে দাবি করল ব্যবসায়ী ও একাধিক সংগঠন। প্রসঙ্গত, হোসিয়ারি পণ্যের পাইকারি ও খুচরো কেনাবেচার ক্ষেত্রে অন্যতম বড় হাট হল এই মঙ্গলাহাট। মঙ্গলবার অতি ভোর থেকে এখানে হাট বসে। অন্যদিকে পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মঙ্গলাহাট আবার চালু করার ব্যাপারে কোনও নির্দেশ আসেনি। হাটের স্বাভাবিক কেনাবেচা চালু হলে এতে মানুষের জমায়েত বাড়বে, সেক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখা কার্যত মুশকিল হয়ে দাঁড়াবে। হাওড়ায় করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত এখনও রয়েছে। আবার এই হাট হাওড়া শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত। পাশাপাশি বড় এলাকা জুড়ে বসে। মঙ্গলাহাট লাগোয়া এলাকায় রয়েছে হাওড়া জেলা হাসপাতাল, আদালত, পুলিশ সুপার ও জেলাশাসকের কার্যালয়-সহ জেলার প্রধান কার্যালয়গুলি। হাট পুরোদমে চালু হলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে, এমনটা প্রশাসন সূত্রের অভিমত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *