দুর্গাপুজোয় মগরা বান্ধব সম্মিলনী-র উদ্যোগে বস্ত্র বিতরণ
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি, হুগলি: দেখতে দেখতে এসে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। সারা বছর প্রতীক্ষার পরে এই পূজাকে ঘিরে গড়ে ওঠে পারিবারিক তথা সামাজিক মেলবন্ধন। পুজোর দু-এক মাস আগে থেকেই বাঙালির চলে নতুন জামা-কাপড় কেনার পালা। নতুন নতুন জামা কাপড় পড়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখার মজাই আলাদা।পুজোর চারদিন বাঙালির মধ্যে চলে নির্ভেজাল আনন্দ, আড্ডা আর খাওয়াদাওয়া।
তবে করোনা মহামারী আবহে এবছরের প্রেক্ষাপট পুরোটাই আলাদা। বিগত ৬ মাস ধরে চলতে থাকা কঠিন সময়ে বহু মানুষ হারিয়েছেন তাদের স্বাভাবিক কাজকর্ম। দুমুঠো অন্নের সংস্থান করতে নাভিশ্বাস উঠে যাচ্ছে তাঁদের। এই রকম কঠিন পরিস্থিতিতে প্রায় ৩০০ মানুষের পাশে দাঁড়ালো হুগলি জেলার মগরা কোলার “বান্ধব সাম্মিলনী” ক্লাব। সূত্রের খবর, এই বছর মগরা রেলস্টেশন সংলগ্ন এলাকায় তাঁরা মহাপঞ্চমীর সকালে “অপু দুর্গার পুজোর” আয়াজন করে।
জানা গিয়েছে, স্থানীয় প্রায় ২০০ প্রান্তিক মানুষের হাতে নতুন জামাকাপড় তুলে দেওয়া হয়। পাশাপাশি ৫০টি রেলওয়ে হকার পরিবারের প্রায় ১০০ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় বলে খবর। আজকের অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের মুখে ফুটে ওঠে এক অনাবিল হাসি। মানুষের মধ্যে এক খুশির পরিবেশ গড়ে উঠল বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

