দুর্গাপুজোর গাইডলাইন ঘোষণা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রাজ্য সরকার পুজোর গাইডলাইন ঘোষণা করল। সামনের সপ্তাহের থেকেই কলকাতার পুজো কমিটিগুলো দুর্গাপুজোর জন্য আবেদন করতে পারবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সে কথা জানিয়েছেন। সূত্রের খবর, ‘আসান’ নামে একটি অনলাইন পোর্টাল কয়েক বছর আগে চালু করা হয়েছিল। সিইএসসি, পুরসভা, দমকল, পুলিশসহ সবার কাছে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারতেন পুজোউদ্যোক্তারা।
এবার ২ অক্টোবর থেকে কলকাতার পুজো কমিটিগুলো আবেদন করতে পারবে বলে জানা গিয়েছে।আবার কলকাতা ছাড়াও অন্য কমিশনারেট ও জেলা পুলিশেও আবেদন করার ব্যবস্থা থাকবে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, মানুষ যাতে বেশিদিন ধরে ভাগ ভাগ করে প্রতিমা দর্শন করতে পারে সেজন্য তৃতীয়া থেকে উদ্যোক্তাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, মণ্ডপের চারপাশ খোলা রাখতে হবে। মণ্ডপে প্রবেশ ও বাহিরের পথে জায়গা বেশি রাখতে হবে । বাধ্যতামূলকভাবে রাখতে হবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। স্বেচ্ছাসেবকরাও যাতে মাস্ক, ফেস শিল্ড ও হাতে গ্লাভস ব্যবহার করেন তার দিকে নজর রাখতে হবে।অন্যদিকে আরও নির্দেশিকায় জানানো হয়েছে, একসঙ্গে দুটোর বেশি গাড়ি নিয়ে মণ্ডপে প্রবেশ করতে পারবেন না বিচারকরা ।

