Google MapOthers 

বন্যা পরিস্থিতিতে ত্রাণ শিবিরের সন্ধান দেবে গুগল ম্যাপ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বন্যায় ত্রাণ শিবির চেনাবে এবার গুগল ম্যাপ। সূত্রের খবর, বন্যার সময় নিকটবর্তী ত্রাণ শিবিরের সন্ধান দেবে গুগল ম্যাপ। বন্যা পরিস্থিতিতে উদ্ধারকারী দল, স্বাস্থ্যকর্মী, বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাজে গতি আনতেই রাজ্যে প্রথম এই পরিকল্পনা গ্রহণ করেছে আরামবাগ মহকুমা প্রশাসন। জানা গিয়েছে, মহকুমা এলাকার ত্রাণ শিবিরগুলির অবস্থান আপলোড করা হচ্ছে গুগলে। মহকুমার ৬টি ব্লকেই বিপর্যয় মোকাবিলা আধিকারিকরা ওই কাজ শুরু করেছেন। এই পরিকল্পনা সফল হলে আগামী দিনে গোটা রাজ্যে তা প্রয়োগ করার পথে যাবে প্রশাসন।

এ ব্যাপারে আরামবাগের এসডিও নৃপেন্দ্র সিং জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই ব্লকগুলিকে আপলোডিংয়ের কাজ শেষ করে ফেলতে বলা হয়েছে। বন্যার সময় এলাকা পরিচিত না থাকায় বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে গিয়ে সমস্যা হয়। এজন্য গুগলে এয়ার ড্রপিং পয়েন্ট আপলোডের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রের আরও খবর, প্রতিটি ব্লকে স্থায়ী ও অস্থায়ী যে সকল ত্রাণ-শিবির রয়েছে, প্রথমে তার একটি তালিকা তৈরি করা হয়েছে। তারপর সেই তালিকা অনুযায়ী শিবিরগুলির নাম উল্লেখ করে দ্রাঘিমাংশ, অক্ষাংশ অনুযায়ী সরাসরি গুগল ম্যাপে আপলোড করা হচ্ছে। এক্ষেত্রে ইন্টারনেট সচল রেখে গুগল ম্যাপে গিয়ে ব্লকের নির্দিষ্ট লিঙ্ক অনুযায়ী শিবিরের লোকেশন ট্র্যাক করা খুবই সহজ হবে। নাম দেওয়া হয়েছে “এয়ার ড্রপিং পয়েন্ট”। জানা যায়, প্রতিটি ব্লকের জন্য আলাদা-আলাদা লিঙ্ক তৈরি করা হচ্ছে। আগামী মাসের শুরুতেই সমস্ত লিঙ্ক সরকারিভাবে প্রকাশ করা সম্ভব হবে।

Related posts

Leave a Comment