ব্রডব্যান্ডের ডেটা স্পিড বাড়ানোর লক্ষ্যে ট্রাই
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ব্রডব্যান্ডের ডেটা স্পিড নিয়ে সন্তুষ্ট নয় বহু গ্রাহক। এদেশে একাধিক সংস্থা ব্রডব্যান্ড পরিষেবা দিয়ে থাকে কিন্তু পরিষেবা কতটা ভরসাযোগ্য, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এই সমস্যা কাটিয়ে ব্রডব্যান্ড পরিষেবাকে আরও উন্নত করতে উদ্যোগী হল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। ২০১৮ সালে ন্যাশনাল ডিজিটাল কমিউনিকেশন পলিসি তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। সেখানে বলা হয়েছে, ন্যূনতম ৫০ মেগাবাইট প্রতি সেকেন্ড, অর্থাৎ ৫০ এমবিপিএস ডেটা স্পিড দিতে হবে গ্রাহকদের। সেই লক্ষ্যে এখনও পৌঁছনো যায়নি। কেন্দ্রীয় সরকারের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রায় পৌঁছনো যায় কীভাবে, তা জানার জন্য একটি নীতি তৈরি করতে চায় ট্রাই।
এই ব্যাপারে তারা সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট মহলের থেকে পরামর্শ চেয়েছে। প্রায় ৪টি বিষয়ের উপর গুরুত্ব দিতে চাইছে ট্রাই। প্রথমত, ফিক্সড ও মোবাইল ব্রডব্যান্ডের সংজ্ঞা কী হবে, সে ব্যাপারে তারা স্থির সিদ্ধান্তে আসতে চাইছে। দ্বিতীয়ত, ব্রডব্যান্ডের ডেটা স্পিড বাড়ানোর জন্য কী ধরনের পরিকাঠামো দরকার, তাতে কী ধরনের নতুন ও উদ্ভাবনী ভাবনা ও কৌশল প্রয়োজন, তাও জানতে চেয়েছে ওই সংস্থা। ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বাণিজ্যিকভাবে কোন কোন ক্ষেত্র এগিয়ে আসতে পারে, তারও রোডম্যাপ চায় তারা। অর্থাৎ, যে টেলিকম সংস্থাগুলি এখন পরিষেবা দিচ্ছে, তারা বা তার বাইরে অন্য কোনও পদ্ধতিতে ব্রডব্যান্ড গ্রাহকের কাছে পৌঁছনো যায় কি না, তা খতিয়ে দেখতে চায়। তৃতীয়ত, কী-কী পদক্ষেপ করলে ব্রডব্যান্ড পরিষেবা আরও বাড়বে, সেই ব্যাপারেও মতামত চায় ট্রাই। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই সংক্রান্ত পরামর্শ নেওয়া হবে। সেই পরামর্শের উপর কারও কোনও মতবাদ থাকলে, তা জানানোর সময়সীমা ৫ অক্টোবর ধার্য্য করা হয়েছে। এরপরই ট্রাই ব্রডব্যান্ড সংক্রান্ত নতুন নীতি প্রণয়ন করতে পারে বলেও জানা গিয়েছে।

