রাষ্ট্রপতি পুরস্কারে মনোনীত হলেন বাংলার ২ শিক্ষক-শিক্ষিকা

President Bhawan

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ২০২০ সালের জাতীয় শিক্ষকের পুরস্কার পাচ্ছেন পশ্চিমবঙ্গের দুই শিক্ষক। সম্প্রতি রাষ্ট্রপতি ভবন থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক ডঃ কলিমুল হক ও আলিপুরদুয়ার জেলার মাদারিহাট এলাকার ধনপতি মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষিকা মিশা ঘোষাল এই তালিকায় রয়েছেন। দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় ৪৫ জন শিক্ষক-শিক্ষিকা এবার রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন। এছাড়াও বিশেষ বিভাগে আরও ২ জন শিক্ষক এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

জানা গিয়েছে, বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যগুলি থেকে প্রায় ১৫৩ জনের নাম পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে ৪৭ জনকে বাছাই করা হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরপ্রদেশের ৩ জন, গুজরাতের ২ জন, মধ্যপ্রদেশের ২ জন, ওড়িশার ২ জন, কর্নাটকের ২ জন, সিকিমের ২ জন, ঝাড়খণ্ডের ২ জন, তামিলনাড়ুর ২ জন, জম্মু-কাশ্মীরের ২ জন এবং হরিয়ানা, হিমাচলপ্রদেশ, পাঞ্জাব, দিল্লি, উত্তরাখণ্ড, রাজস্থান, গোয়া, লাদাখ, মেঘালয়, ত্রিপুরা, অসম, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং পুদুচেরি থেকে ১ জন করে শিক্ষক এই পুরস্কার পাবেন। পাশাপাশি বেশ কিছু স্কুলের শিক্ষকও সরাসরি রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ওই বিশেষ বিভাগে গুজরাটের ১ জন ও বিহারের ১ জন শিক্ষক রয়েছেন। দুর্গাপুরের শিক্ষক কলিমুল সাহেব এর আগেও একাধিক পুরস্কার পেয়েছেন। ২০১৯ সালে তিনি শিক্ষারত্ন পুরস্কার পান। রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পর কলিমুল হক বলেছেন, ‘ভাল লাগছে। এই পুরস্কার আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। চেষ্টা করব স্কুলের জন্য আরও ভাল কাজ করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *