kavkaz 2020Breaking News World 

রাশিয়ায় বহুদেশীয় সেনা মহড়ায় অংশ নিচ্ছে না ভারত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাশিয়ায় শুরু হতে চলা বহুদেশীয় সেনা মহড়ায় অংশগ্রহণ করছে না ভারত। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, পূর্ব লাদাখে চিনের সঙ্গে এবং কাশ্মীরে পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতের জেরে সেপ্টেম্বর মাসে রাশিয়ায় শুরু হওয়া বহুদেশীয় সামরিক মহড়ায় অংশগ্রহণ করবে না ভারত। এই সংক্রান্ত বিষয়ে রাশিয়াকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক।

সূত্রের খবর, রাশিয়া ও ভারত ছাড়া ওই সামরিক মহড়ায় অংশ নেবে চিন, পাকিস্তান, ইরান, তুরস্ক সহ মোট ১৮টি দেশের সেনা। আগামী ১৫-২৬ সেপ্টেম্বর দক্ষিণ রাশিয়ার অস্ত্রাখানে হওয়া ওই সেনা মহড়ার নাম রাখা হয়েছে “কাভকাজ ২০২০”। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে আরও খবর, শনিবার সাউথ ব্লকে এক উচ্চপর্যায়ের বৈঠক বসেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, চিন ও পাক সেনার উপস্থিতিতে এমন কোনও সামরিক মহড়ায় ভারতের অংশ নেওয়া ঠিক হবে না।

উল্লেখ্য, গত ১৫ জুন গালওয়ান উপত্যকায় চিনের সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হন। পাশাপাশি ভারতের জবাবে হতাহত হয় প্রায় ৪০ চিন সেনাকর্মীও। এই কারণে ভারত ও চিনের সম্পর্ক ইতিমধ্যেই তলানিতে পৌঁছেছে। এর পরিপ্রেক্ষিতে চিনা সেনার সঙ্গে যৌথ মহড়া দেশবাসীর কাছে ভুল বার্তা পৌঁছতে পারে, এমনই মনে করা হচ্ছে।

অন্যদিকে, কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিন সংঘাত চলছে ভারতের। পাক সেনা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি বর্ষণ করে চলেছে প্রতিনিয়ত। এরফলে ভারতীয় জওয়ান সহ নিরীহ গ্রামবাসীরা প্রাণ হারাচ্ছেন। পাশাপাশি, ভারতে নাশকতামূলক কার্যকলাপে ক্রমাগত মদত জুগিয়ে চলেছে পাক প্রশাসন ও গুপ্তচর সংস্থা আইএসআই। এই আবহে তাদের উপস্থিতিতে বন্ধুত্বপূর্ণ সামরিক মহড়ায় অংশ নেওয়ার কোনও প্রশ্নই উঠছে না।

প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বেও রাশিয়ার আমন্ত্রণে বহু আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে ভারত। তবে এবারের পরিস্থিতি অন্যরকম। পাশাপাশি রয়েছে করোনা অতিমারীর প্রকোপ। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই “কাভকাজ ২০২০” মহড়ায় ভারত অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Related posts

Leave a Comment