থেমে গেল কলম, প্রয়াত সাংবাদিক সঞ্জয় সিংহ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক সঞ্জয় সিংহ (৬৩)। করোনার উপসর্গ নিয়ে পাঁচ দিন আগে উত্তর কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি হন।গতকাল তাঁকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। আজ সকালে শোয়ার ঘর থেকে বাথরুমে যাওয়ার সময় গুরুতর সেরিব্রাল অ্যাটাক হলে তাঁকে নিয়ে যাওয়া হয় আর জি কর হাসপাতালে। পথেই অ্যাম্বুল্যান্সে তিনি মারা যান। রেখে গেলেন স্ত্রী, একমাত্র মেয়ে জামাই এবং ছোট নাতিকে। দীর্ঘদিনের এই অভিজ্ঞ সাংবাদিকের মৃত্যুতে রাজ্যের সংবাদ মহলে শোকের ছায়া নেমে এসেছে।
কর্মজীবনের দীর্ঘ সময় তিনি বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। আজকাল, বর্তমান, আনন্দবাজারে কাজ করার পর বেশ কিছুদিন তিনি সংবাদ নজর পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন। রাজনৈতিক সংবাদদাতা হিসেবে সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে তিনি যথেষ্ট দক্ষতা দেখান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা- মন্ত্রীদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সাংবাদিকতার পাশাপাশি নাটক লেখার ক্ষেত্রেও সাফল্য পেয়েছিলেন সঞ্জয়। তাঁর লেখা একাধিক নাটক কলকাতার বিভিন্ন রঙ্গমঞ্চে মঞ্চস্থ হয়েছে।

