কলকাতা পুরসভাকে অনুদান মঞ্জুর নবান্নের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সঙ্কট কাটাতে কলকাতা পুরসভাকে অতিরিক্ত অনুদান মঞ্জুর করল নবান্ন। রাজস্ব আদায় কমে এসেছে। পুর কোষাগারের হালও বেহাল। অর্থসঙ্কট তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে কলকাতা পুর প্রশাসনের পক্ষ থেকে পাঠানো অনুদানের আবেদনপত্রে সাড়া দিয়ে পাশে দাঁড়াল নবান্ন। পুরভবন সূত্রের খবর, রাজ্যের অর্থ দপ্তর পুরসভাকে অতিরিক্ত আর্থিক অনুদান দেওয়ার ব্যাপারে সম্মতি দিল। উল্লেখ্য, চলতি জুন ও জুলাই মাসের বেতন-পেনশন খাত নিয়ে আশঙ্কা তৈরি হয়। কলকাতা পুরসভা সূত্রের আরও খবর, করোনা পরিস্থিতির জন্য সম্পত্তিকর আদায় কমেছে। এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য অর্থ দপ্তরের অনুদান এসেছে। কলকাতা পুরসভা সূত্রে জানানো হয়েছে, করোনার আবহে রাজস্ব আদায় তলানিতে ঠেকবে বলে আশঙ্কা করা হয়। এই পরিস্থিতিতে এপ্রিল মাসেই বৈঠক করে ঠিক করা হয়, এই আর্থিক সঙ্কট থেকে অন্তত ২-৩ মাস রেহাই পেতে রাজ্যের অর্থ দপ্তরের কাছে চিঠি পাঠানো হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী কলকাতা পুরসভার অর্থ বিভাগের প্রধান চিঠি পাঠিয়ে প্রায় ৩০০ কোটি টাকা অনুদান চেয়েছে। তাতেই সম্মতি দিয়েছে নবান্ন। অন্যদিকে নবান্ন সূত্রের বক্তব্য, পুর প্রশাসনের চিঠি অনুযায়ী একেবারে ৩০০ কোটি টাকা দেওয়া সম্ভব ছিল না। বর্তমানে প্রয়োজন বুঝে ১১০ কোটি টাকার বেশি অনুমোদন করা হয়েছে।

