রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদক্ষেপ

Lal Bazar-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মৃত সিভিক ভলান্টিয়ারদের পরিবারের একজনকে চাকরি দেওয়া থেকে রাজ্য পুলিশের কিছু পদ পূরণে উদ্যোগী হল রাজ্য। পাশাপাশি নতুন পুলিশ-মহকুমা গঠন-সহ কয়েকটি বিষয় চূড়ান্ত হয়েছে। সূত্রের খবর, রাজ্য পুলিশে ১০ হাজারেরও বেশি শূন্যপদ পূরণে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকের পর সরকারিভাবে জানানো হয়েছে, রাজ্যে নতুন ১১টি পুলিশ সাব-ডিভিশন বা পুলিশ-মহকুমা ও ৩টি পুলিশ সার্কল বা পুলিশচক্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লক ভেঙে নতুন একটি ব্লক তৈরির সিদ্ধান্তও গ্রহণ করেছে মন্ত্রিসভা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জানা গিয়েছে, রাজ্য পুলিশে কনস্টেবলের ৯২৮২টি ও সাব-ইনস্পেক্টরের ১০৮৮টি পদ শীঘ্রই পূরণ করা হবে। এক্ষেত্রে এই নিয়োগে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আবার ডালখোলা, ইটাহার, হাবড়া, দেগঙ্গা, বাগদা, ফরাক্কা, বাদুড়িয়া, হাসনাবাদ, সাগর, গোপীবল্লভপুর এবং বেলপাহাড়িকে পুলিশ-মহকুমা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ৩টি পুলিশ সার্কল হবে পাথরপ্রতিমা, নামখানা ও সাগরে। এ বিষয়ে আরও জানা যায়, ধূপগুড়ি ব্লকটি বড়। তাই সেটিকে ভেঙে দুটি ব্লক গড়া হবে। একটি ব্লক ধূপগুড়ি নামেই চিহ্নিত থাকছে। অন্যটি হবে বানারহাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *