পলিসি-হোল্ডারদের জরুরি প্যান আপডেট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জীবনবিমা নিগম বা এলআইসি-র প্রথম শেয়ারের (আইপিও) একটি অংশ বরাদ্দ থাকবে পলিসি-হোল্ডারদের জন্য। এক্ষেত্রে বলা হয়েছে, আইপিও-র দামে কিছু ছাড় পাবেন পলিসি-হোল্ডাররা। সেই যোগ্যতা অর্জনের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাধ্যতামূলকভাবে প্যান আপডেট করা জরুরি। এক্ষেত্রে আরও উল্লেখ করা হয়েছে, বাজার নিয়ন্ত্রক সেবির কাছে জমা দেওয়া খসড়া রেড হেরিং প্রস্পেক্টাসে এমনই জানানো হয়েছে।
এ বিষয়ে আরও জানা যায়, চলতি অর্থবর্ষেই এলআইসি-র আইপিও আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। খসড়া প্রস্পেক্টাস অনুযায়ী বলা হয়েছে, বাজারে ছাড়া ইস্যুর মধ্যে ১০ শতাংশ পর্যন্ত বরাদ্দ থাকবে পলিসি-হোল্ডারদের জন্য। এক্ষেত্রে বলা হয়, অফার চালু হওয়ার আগে পর্যন্ত ভারতে বসবাসকারী যে সমস্ত মানুষের একটি বা একাধিক পলিসি থাকবে, তাঁরাই ওই বরাদ্দ থেকে সুবিধা নেওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। তবে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্যান আপডেট করাতে হবে।
এ বিষয়ে আরও বলা হয়েছে, সরাসরি বা এজেন্টের সাহায্য নিয়ে এলআইসি-র ওয়েবসাইটে তা করা যাবে। তা না হলে সেই সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না পলিসি-হোল্ডার। অন্যদিকে প্রস্পেক্টাসে আরও উল্লেখ করা হয়েছে, আইডিবিআই ব্যাঙ্কে নতুন করে পুঁজি ঢালতে হলে এলআইসি-র আর্থিক স্বাস্থ্যে তার বিরূপ প্রভাব পড়তে পারে।

