এখনও স্বাভাবিক হয়নি মোবাইল পরিষেবা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কারও কারও ফোনে উধাও সিগন্যাল।আম্ফান বিপর্যয়ের পর ফোন নিয়ে নাকাল গ্রাহকরা।একদিকে লকডাউনে ঘরবন্দি জীবন। অন্যদিকে আম্ফানের দাপটে ব্যাহত বিদ্যুৎ পরিষেবা। ঘরে অনেকের বাড়িতে কেবিলেও দেখা নেই।একমাত্র ভরসা ছিল মোবাইল।তারও আবার সিগল্যাল খুঁজতে খুঁজতে দিন শেষ।ফোন খুললেই সংযোগ খোঁজার জন্য দিতে হচ্ছে রীতিমতো সময়ের পরীক্ষা।এক্ষেত্রে গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ এলেও এখনও অমিল মোবাইল ইন্টারনেট। লকডাউনে যোগাযোগের একমাত্র ভরসা অচল হলে সমস্যা আরও বাড়বে।পাশাপাশি ব্যাহত হবে ঝড় বিধ্বস্ত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছানো। আবার তথ্য আদান-প্রদানের প্রশাসনিক কাজও ব্যাহত হবে। অন্যদিকে বাড়ি থেকে কাজের দফারফা হচ্ছে অনেকেরই।তবে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা জানা নেই কারও।ডিজিটাল লেনদেন নেট ছাড়া অসম্ভব।টেলি শিল্পের পক্ষ থেকে জানানো হয়েছে,বেসরকারি টেলি সংস্থাগুলির ৯০% পরিষেবা পূর্বের অবস্থায় ফিরে এসেছে। আবার বিএসএনএলের পরিষেবা ফিরেছে ৮০-৮৫%।বিদ্যুৎ এলেও এক নাগাড়ে তা থাকছে না।কোথাও কোথাও ভোল্টেজ কমছে বাড়ছে।ঝড়ে গাছ কাটতে গিয়ে বহু জায়গায় অপটিক্যাল ফাইবার কাটা হয়েছে বলে জানা যায়। আবার মেরামতির কাজে লাগানো হয়েছে বাড়তি কর্মী। এমন বিপর্যয়ে পরিষেবা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলেও জানানো হয়েছে।

