সংসদে শুরু বাদল অধিবেশন, চলবে ১ অক্টোবর পর্যন্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা অতিমারীর মধ্যেই আজ থেকে শুরু সংসদের বাদল অধিবেশন। এদিন সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, দেশে যথেষ্ট পরিমাণে করোনা কিট রয়েছে। পাশাপাশি ওষুধপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসও মজুত রয়েছে। তিনি আরও জানান, প্রতিদিন যত জন এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, তার থেকে বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। করোনার বিরুদ্ধে গোটা ভারতবর্ষ একজোট হয়ে লড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশে করোনা পরিস্থিতি এখন উন্নতির পথে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা দেশ করোনার বিরুদ্ধে সফল লড়াই লড়ছে। এদিন তিনি আরও জানিয়েছেন, লকডাউনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা যথাযথ ছিল।
সূত্রের খবর, বাদল অধিবেশন আজকে থেকে চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত। করোনা অতিমারীর জেরে এই অধিবেশন প্রতিদিন ৪ ঘণ্টা করে চলবে বলে জানা যায়। অন্যদিকে রাজ্যসভা সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। পাশাপাশি লোকসভা চলবে দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। করোনা পরিস্থিতিতে সংসদের কাজকর্মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বলেও জানা গিয়েছে। এক্ষেত্রে এই প্রথম সাংসদের উপস্থিতি নথিবদ্ধ করা হচ্ছে অ্যাটেনডেন্স রেজিস্টার অ্যাপে।

