সংঘাত মুছে “তৃণমূলে ফের পা মুকুলের”
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পুরনো সংঘাত মুছে গেল। মুকুল-শুভ্রাংশুকে তৃণমূলের উত্তরীয় পরিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশে তৃণমূল সুপ্রিমো। আবার তৃণমূলে ফিরলেন মুকুল রায়। ফুল বদল করলেন বলা ভালো। ঘরে ফেরার এই মঞ্চে তখন উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভ্রাংশু রায়, পার্থ চট্টোপাধ্যায়রা।
এই প্রত্যাবর্তনের পর তৃণমূল দলকে ভিনরাজ্যে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা শুরু হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মত, রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর তৃণমূল এখন বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে দিল্লি দখলের লক্ষ্যে মরিয়া। ভিন রাজ্যে সংগঠন বিস্তারে মুকুল রায়ই যে অস্ত্র হতে চলেছে, তা অনেকটাই পরিষ্কার। তৃণমূলের অন্দরে এই নিয়ে জোর জল্পনা ছিলই।
উল্লেখ করা যায়, মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাসপাতাল যাত্রা। মুকুল পুত্র শুভ্রাংশুর অভিষেক বন্দনা। পিতা-পুত্রের এই সময়ের কিছু মন্তব্য অনেকটাই ইঙ্গিত বহন করেছে। আবার মুকুল রায়-দিলীপ ঘোষ সংঘাত নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়েছে কয়েকবার । ক্রমশ পথ পিচ্ছিল হয়ে আসছিল। শেষ পর্যন্ত ফেলে আসা পথ ধরেই হাঁটলেন মুকুল রায়। মমতার সামনে অভিষেকের হাত ধরেই “তৃণমূলে ফের পা মুকুলের”।
রাজ্য-রাজনীতিতে এই যোগদান পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, “আমাদের ঘরের ছেলে ঘরে ফিরল। ওঁকে অভিনন্দন জানাচ্ছি। ওল্ড ইজ গোল্ড। আরও অনেকে আসবে। তবে টাকার জন্য যাঁরা বিজেপিতে গিয়েছিল, তারা কখনই নয়।” মুকুল রায়ও তাঁর পুরনো দলে ফিরে মন্তব্য করেছেন, “আমার অত্যন্ত ভালো লাগছে বিজেপি থেকে বেরিয়ে এসে নতুন আঙিনায় যাঁদের সাথে দেখা হচ্ছে, তাঁরা সবাই চেনা । ভেবে ভালো লাগছে বাংলা আবার নিজের জায়গায় ফিরবে। যিনি নেতৃত্ব দেবেন, তিনি আমাদের সকলের নেত্রী, ভারতবর্ষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” মুকুলের আবারও তৃণমূলে ফিরে আসার নেপথ্যে রয়েছে অভিষেকের হাত,এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

