কাগজের জাতীয় পতাকা ব্যবহার করার নির্দেশিকা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জাতীয় পতাকা প্লাস্টিকের নয়। এবার থেকে কাগজের জাতীয় পতাকা ব্যবহার করার নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের।
সূত্রের খবর, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত সরকারগুলিকে একটি নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এক্ষেত্রে স্পষ্ট করে বলা হয়েছে, সাধারণ মানুষ যাতে প্লাস্টিকের তৈরি ভারতীয় পতাকা ব্যবহার না করে,তা দেখতে হবে। এক্ষেত্রে কাগজের তৈরি পতাকা ব্যবহার করার কথা বলা হয়েছে। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তার প্রাক্কালে দাঁড়িয়ে এই ভাবনা। আর এই দিনটি পালনে সমগ্র দেশবাসী গর্বিত । এই দিনটি সমগ্র দেশবাসীকে জাতীয়তাবাদের ভাবনায় জাগ্রত করে। অনেক সময় অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ার দরুন জাতীয় পতাকার সম্মান কখনও কখনও অক্ষুন্ন রাখা হয় না। এবার সেই বিষয়টি মাথায় রেখে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত সরকারগুলিকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ।
উল্লেখ করা যায়, ওই নির্দেশিকায় জাতীয় পতাকা সম্মান আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। জাতীয়, সাংস্কৃতিক ও বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে কাগজের পতাকার বদলে প্লাস্টিকের পতাকা ব্যবহার করা হয়েছে। এবার তাঁর বদল আনার প্রচেষ্টা। স্বরাষ্ট্রমন্ত্রকের এক্ষেত্রে নির্দেশ- প্লাস্টিকের তৈরি দেশের জাতীয় পতাকা কাগজের পতাকার মত জৈব বিস্তৃত হয় না। তাই দীর্ঘ সময়ের জন্য পচেও না। পরিবেশের পক্ষে যা অত্যন্ত ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে আরও বলা হয়েছে, জাতীয় সম্মান দমন প্রতিরোধ আইন অনুযায়ী, প্রকাশ্যে বা অন্য যেকোনও স্থানে মৌখিকভাবেই হোক বা শারীরিকভাবে, ভারতীয় জাতীয় পতাকা অবমাননার কাজ জরিমানা সাপেক্ষ। পাশাপাশি একই সঙ্গে ৩ বছর কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় অপরাধও ।

