লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়াল ওড়িশা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ওড়িশা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে লকডাউনের মেয়াদ। সূত্রের খবর, রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে ১৭ জুন পর্যন্ত। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ঘোষণা করা ২১ দিনের লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে ১৪ এপ্রিল পর্যন্ত। আবার সর্বদল বৈঠকে লকডাউনের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়িয়ে দিয়েছে ওড়িশা। এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানিয়েছেন, ওড়িশা মন্ত্রিসভা লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং ওই সময় পর্যন্ত গোটা দেশে লকডাউনের মেয়াদ বাড়াতেও কেন্দ্রকে সুপারিশ করেছে। পাশাপাশি ওইদিন পর্যন্ত ট্রেন ও বিমান পরিষেবা চালু না করার জন্য কেন্দ্রকে অনুরোধ করেছে ওড়িশা। তবে পারস্পরিক দূরত্ব বজায় রেখে কৃষিকাজ ও রোজগার নিশ্চয়তা প্রকল্প চালু থাকবে বলে সরকারিভাবে জানা যায়।

