মরফিনের অভাবে সমস্যায় ক্যান্সার রোগীরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিপর্যস্ত পরিস্থিতিতে দেশে লকডাউন। অন্যান্য অত্যাবশ্যক পণ্যের সঙ্গে ওষুধের উৎপাদন, পরিবহণ ও কেনাবেচায় ছাড় রয়েছে। তবে অভাব দেখা দিচ্ছে মরফিনের। বিপাকে পড়ছেন ক্যান্সার রোগীরা। সূত্রের খবর, জরুরি পরিষেবার অধীনে থাকায় রাজ্য সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনারও আশ্বাস দিয়েছে। প্রসঙ্গত, চাহিদার তুলনায় বাজারে মরফিন ওষুধের জোগান কিছুটা কম থাকে। কলকাতায় কয়েকটি ওষুধ সরবরাহকারী সংস্থা তা সরবরাহ করে থাকে। সাধারণ ওষুধের দোকানে সাধারণত মরফিন পাওয়া যায় না। এক্ষেত্রে ব্যবসায়ীরা জানিয়েছেন, মার্চে আবগারি দফতরের পক্ষ থেকে সংশ্লিষ্ট লাইসেন্সের নবীকরণ করা হয়। তারপরেই এপ্রিল থেকে সরবরাহকারী সংস্থাগুলিতে ফের এই ওষুধ পাওয়া যায়। এবছর আচমকা লকডাউন হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট দফতরগুলি কার্যত বন্ধ হয়ে যায়। সময়মতো লাইসেন্স নবীকরণও হয়নি। তাই ওই ওষুধ বাজারে পাওয়াও যাচ্ছে না। রীতিমতো সমস্যায় পড়েছেন ক্যান্সার রোগীরা।

