ট্রাক পার্কিংয়ে রাজ্য পরিবহণ দফতরের নয়া নির্দেশিকা

Track Parking

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ট্রাক পার্কিংয়ের জন্য ভাড়া কত দিতে হবে এবার সিদ্ধান্ত নিল রাজ্য। রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে এমনই নির্দেশিকা জারি করা হল। এখন থেকে সীমান্তবর্তী অঞ্চল গুলিতে ট্রাক পার্কিংয়ের দায়িত্ব নিচ্ছে রাজ্য পরিবহণ দফতর। ওই নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে যাবতীয় পার্কিংয়ের দায়িত্বও পরিবহণ দফতরের হাতে তুলে দিতে হবে। প্রশাসনিক বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই বৈঠকের পরই রাজ্য পরিবহণ দফতর এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করেছে। ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, সীমান্তবর্তী এলাকাগুলিতে ট্রাক পার্কিংয়ের জন্য পুরসভা বা স্থানীয় সংস্থা যে সব ব্যবস্থা গ্রহণ করত, সেগুলি এবার পরিবহণ দফতর নিজের হাতে নিতে চলেছে। এবার থেকে আন্তর্জাতিক সীমান্তবর্তী অঞ্চল থেকে ১৫ কিলোমিটারের মধ্যে কোনও রকম পার্কিং এরিয়া বা অঞ্চল করা যাবে না।

উল্লেখ্য, উত্তর ২৪ পরগণা জেলার পেট্রোপোল, বনগাঁ ও ঘোজাডাঙ্গা, কোচবিহারের চ্যাংড়াবান্ধা, আলিপুরদুয়ারের জয়গাঁও, মালদহের মহদীপুর, দক্ষিণ দিনাজপুরের হিলি, জলপাইগুড়ির ফুলবাড়ি, দার্জিলিংয়ের পানিট্যাঙ্কি এবং শিলিগুড়ি- এই ট্রাক টার্মিনাল গুলির দায়িত্ব এখন থেকে রাজ্য পরিবহণ দপ্তরের হাতে যাচ্ছে। উল্লেখিত নির্দেশিকায় বলা হয়েছে, ট্রাক পার্কিংয়ের জন্য কত ভাড়া দিতে হবে সেই বিষয়ও।

৩০০০ কেজি পর্যন্ত বহন ক্ষমতা সম্পন্ন ট্রাকগুলিকে ২৪ ঘণ্টার জন্য পার্কিং ফি দিতে হবে ১৫০ টাকা। এরপর প্রতি ঘণ্টা পিছু ১০ টাকা করে। পাশাপাশি ৭৫০০ কেজি বহন ক্ষমতা সম্পন্ন ট্রাকগুলিকে ২৪ ঘণ্টার জন্য ২০০ টাকা করে পার্কিং দিতে হবে। এরপর প্রতি ঘণ্টা পিছু ২০ টাকা করে দিতে হবে। এছাড়া ৭৫০১ থেকে ১৬৫০০ কেজি পর্যন্ত পার্কিংয়ের জন্য ২৪ ঘণ্টার জন্য ৩০০ টাকা দিতে হবে। এরপর প্রতি ঘণ্টা পিছু ৩০ টাকা করে দিতে হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, ১৬৫০১ থেকে ৩৫২০০ কেজি বহন ক্ষমতা সম্পন্ন ট্রাক গুলিকে ২৪ ঘণ্টার জন্য পার্কিং ফি দিতে হবে ৩৫০ টাকা। এরপর প্রতি ঘণ্টা পিছু ৪০ টাকা করে দিতে হবে। আবার ৩৫২০০ কেজি বেশি বহন ক্ষমতা সম্পন্ন ট্রাকগুলিকে ২৪ ঘণ্টার জন্য পার্কিং ফি দিতে হবে ৪০০ টাকা, এরপর প্রতি ঘণ্টা পিছু ৫০ টাকা করে দিতে হবে। রাজ্য পরিবহণ দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, পার্কিং ফি থেকে আদায় করা টাকা সরাসরি জমা পড়বে রাজ্য অর্থ দফতরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *