করোনার জেরে ২দিন নিউটাউনের মার্কেট ও হকার বাজার বন্ধ
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: করোনার জেরে আজ ও আগামীকাল ২দিন নিউটাউনের বিভিন্ন মার্কেট ও হকার বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল এনকেডিএ কর্তৃপক্ষ। সূত্রের খবর, আজ সকাল থেকে পুলিশের কড়া নজরদারি ছিল ওইসব এলাকায়। কেউ মাস্ক ছাড়া বেরোচ্ছে কিনা তাও দেখা হচ্ছিল বলে জানা যায়। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে তাঁদের হাতে মাস্ক তুলে দেওয়া হয়।
এলাকার আবাসিকদের অভিযোগ, শনি ও রবিবার নিউটাউনের মার্কেট ও বাজারগুলিতে প্রচুর ভিড় হয়। মানা হয় না সামাজিক দূরত্বও। এই পরিস্থিতিতে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন আবাসিকরা। এই বিষয়ে এনকেডিএ কর্তৃপক্ষকে অভিযোগ জানায় স্থানীয় বাসিন্দারা। সূত্রের আরও খবর, আলোচনার পর অবশেষে এনকেডিএ-এর অধীনে যে ১২ টা মার্কেট এবং যে কটা হকার বাজার আছে, তা সবই শনি ও রবিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আজ ও আগামীকাল নিউটাউনের সমস্ত মার্কেট ও বাজার বন্ধ রাখার জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিংও করা হচ্ছে।

