বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণায় গ্রেফতার ১
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: বিদেশে তেলের কোম্পানিতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ১ জনকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ সোহাব। পুলিশ সূত্রে খবর, ২০১৯ সালের জানুয়ারি মাসে সল্টলেক সুকান্তনগরে একটা অফিস খুলে এই প্রতারণা চক্র চালানো হত। বিভিন্ন এলাকায় লোক ছড়িয়ে রেখেছিল অভিযুক্ত। কারও কাছ থেকে ৮০ হাজার টাকা, কারও কাছ থেকে ৯০ হাজার টাকা, আবার কারও কাছ থেকে ১ লক্ষ টাকা নিত বলে পুলিশের অনুমান।
বিভিন্ন রাজ্যে ২ মাস করে অফিস খুলে এই প্রতারণা চক্র চালাত বলে পুলিশ সূত্রের খবর। সূত্রের খবর, গতকাল রাতে হুগলি থেকে মহম্মদ সোহাব নামে ওই ব্যক্তি গ্রেফতার করে পুলিশ। তিনি সমীর ঘোষ নামে এই প্রতারণা চক্র চালাত বলে জানা যায়। সূত্রের আরও খবর, মহম্মদ সোহাব উত্তর প্রদেশের বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন হুগলিতে গা ঢাকা দিয়ে থাকতেন। পুলিশ সূত্রে আরও খবর, ২০১৯ সালে মার্চ মাসে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ হয়, বিদেশে তেলের কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েও চাকরি দেয়নি।
অভিযোগের কথা জানতে পেরে সল্টলেকের সুকান্ত নগরের অফিস বন্ধ করে পালায় অভিযুক্ত মহম্মদ সোহাব। অভিযোগ পেয়ে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তদন্তে নেমে গতকাল রাতে হুগলি থেকে মহম্মদ সোহাব ওরফে সমীর ঘোষকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে বিভিন্ন নথি এবং মোবাইল ফোন উদ্ধার হয়েছে। আজ ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত আছে তার তদন্ত করছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

