এনআরএ-র মাধ্যমে কেন্দ্রীয় চাকরির জন্য এক পরীক্ষায়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় সরকারি মন্ত্রক বা বিভাগে প্রশাসনিক পদ, সব ধরনের সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা নিয়ে আসা হচ্ছে একই পরিচালন ব্যবস্থার অধীনে। বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগের জন্য আবেদনপত্র জমা দেওয়া ও পরীক্ষার দিন এবার শেষ। এর পরিবর্তে এবার একটিই পরীক্ষা হবে। সূত্রের খবর, তার জন্য তৈরি করা হচ্ছে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি বা এনআরএ। ওই এজেন্সিই অনলাইনে নেবে কমন এলিজিবিলিটি টেস্ট। ওই পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে প্রার্থীদের।
উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকার, ব্যাঙ্ক, রেল, পুলিশ ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান-সহ বিভিন্ন চাকরির ক্ষেত্রে ২০টি নিয়োগ সংস্থা রয়েছে। বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় স্তরের এতগুলি নিয়োগ সংস্থার জটিলতা কমাতে সচেষ্ট ছিল কেন্দ্রীয় সরকার। সূত্রের আরও খবর, একটি মাত্র সংস্থা রাখার প্রস্তাব এসেছিল। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ওই প্রস্তাব অনুমোদিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, এই নতুন ব্যবস্থা কর্মপ্রার্থীদের অর্থ, সময় ও মানসিক উদ্বেগ কমাতে বিশেষ কার্যকরী হবে। পাশাপাশি, সরকারি চাকরির জন্য নানাবিধ পরীক্ষা দেওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
এনআরএ সূত্রে খবর, এই নতুন নিয়মে শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষাটিই গ্রহণ করা হবে। যেসব ক্ষেত্রে প্রিলিমিনারি টেস্টের পর টিয়ার-টু ও টিয়ার-থ্রি পরীক্ষা দিতে হয়, সেখানে এই পরবর্তী ধাপগুলির তত্ত্বাবধানে থাকবে সংশ্লিষ্ট বিভাগের নিয়োগকারী সংস্থাই। এনআরএ সূত্রে আরও খবর, প্রাথমিক পর্বেই সবথেকে বেশি পরীক্ষার্থীর চাপ থাকায় এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। এটি সবচেয়ে জটিল প্রক্রিয়া। তাই এই পরীক্ষা হয়ে গেলে, নিয়োগকারী সংস্থাগুলির পক্ষে পরবর্তী ধাপের বাছাই করার পদ্ধতি অনেক সহজ হবে।

