এক দেশ ও এক রেশন ব্যবস্থা রাজ্যে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যেও চালু ‘এক দেশ ও এক রেশন’ ব্যবস্থা। সূত্রের খবর, গোটা দেশে ৩১ জুলাইয়ের মধ্যে ‘এক দেশ ও এক রেশন কার্ড’ ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। ইতিপূর্বে নির্দেশিকা দিয়ে এই ব্যবস্থার সূচনা করেছে রাজ্য সরকার। এক্ষেত্রে সব রেশন দোকানকে বলা হয়েছে, রেশন তোলার জন্য নির্ধারিত দিনে সময়সীমা মেনে অনলাইনে ‘ই-পস’ যন্ত্রের সংযোগের বন্দোবস্ত করে রাখতে হবে। আবার পশ্চিমবঙ্গের বাইরের কার্ডধারী কোনও বাসিন্দা এখানকার রেশন দোকান থেকে তাঁর প্রাপ্য সামগ্রী সংগ্রহ করতে এলে আধার কার্ড ও বায়োমেট্রিক যাচাইয়ের ভিত্তিতে তা দিতে হবে।
অন্যদিকে পশ্চিমবঙ্গের রেশন কার্ডধারী উপভোক্তারাও ভিন রাজ্যে রেশন-সামগ্রী গ্রহণ করতে পারবেন। উল্লেখ করা যায়, সুপ্রিমকোর্টের নির্দেশের পর পশ্চিমবঙ্গেও ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার-সংযোগের কাজ শুরু হয়। খাদ্য দফতর সূত্রের খবর, রাজ্যের প্রায় ১০ কোটি রেশন কার্ডের মধ্যে এ পর্যন্ত প্রায় সাড়ে ৫ কোটির সঙ্গে আধার সংযোগ করা হয়েছে।
বাকি কার্ডগুলিতে সংযোগের গতি বাড়ানোর জন্য রেশন দোকান, বাড়ি-বাড়ি গিয়ে, ক্যাম্প করে ও বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে কাজ চলছে। কার্ডে আধার সংযোগ এবং তা সক্রিয় করার কাজ হচ্ছে। প্রসঙ্গত, আগামী ৩১ আগস্টের মধ্যে আধার সংযোগ করতে হবে রেশন দোকানগুলিতে। রেশন তুলতে গেলে ই-পস যন্ত্রে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ দিয়ে রেশন তোলা যাবে। আবার এক্ষেত্রে তা কাজ না-করলে নথিভুক্ত মোবাইল নম্বরে ওটিপি-র মাধ্যমেও রেশন তুলতে পারবেন উপভোক্তারা।

