প্রব্রাজিকা বেদান্তপ্রাণা প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন প্রব্রাজিকা বেদান্তপ্রাণা (৭৭)। দক্ষিণেশ্বর শ্রী সারদা মঠের প্রবীণ সন্ন্যাসিনী তথা নিবোধত পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। অসুস্থ হয়ে তিনি দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে ভর্তি ছিলেন। শ্রী সারদা মঠ সূত্রে জানা গিয়েছে, যকৃতের রোগে ভুগছিলেন প্রব্রাজিকা বেদান্তপ্রাণা। স্বামী বিশুদ্ধানন্দের মন্ত্রশিষ্যা ছিলেন তিনি। উল্লেখ্য, ১৯৬৬ সালে বেদান্তপ্রাণা মাতাজী সারদা মঠে যোগদান করেছিলেন। ১৯৭১ সালে ব্রহ্মচর্য ও ১৯৭৮ সালে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন। শ্রী সারদা মঠ সূত্রে আরও জানা গিয়েছে, বিভিন্ন সময়ে প্রব্রাজিকা বেদান্তপ্রাণা নিবেদিতা স্কুল, বিবেকানন্দ বিদ্যা ভবন এবং দিল্লির রামকৃষ্ণ সারদা মিশন কেন্দ্রে কর্মরত ছিলেন। উল্লেখ করা যায়, ১৯৮৭ সালে মঠের প্রথম বাংলা মুখপত্র নিবোধত প্রকাশিত হয়েছিল। ওই সময় থেকে জীবনের শেষ পর্যন্ত জুড়ে-জড়িয়ে ছিলেন ওই পত্রিকার সঙ্গে।

