করোনা বিপর্যয়ে পাশে রামকৃষ্ণ মিশন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চিকিৎসা ও ত্রাণে রামকৃষ্ণ মিশন। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। এ রাজ্যের তার প্রভাব বড় আকারে। এই অবস্থায় মানুষের পাশে দাঁড়াতে দেশ জুড়ে চিকিৎসা-ত্রাণ শুরু করেছে রামকৃষ্ণ মঠ ও মিশন। এক বিজ্ঞপ্তির মাধ্যমে মঠ ও মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা, কনখল, লক্ষ্ণৌ, তিরুঅনন্তপুরম, বারাণসী ও বৃন্দাবনের হাসপাতালে করোনা চিকিৎসা চলছে।
এ বিষয়ে আরও জানানো হয়েছে, বিভিন্ন ছাত্রাবাস, অতিথি-নিবাস ব্যবহার হচ্ছে সেফ হোম হিসেবে। মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রের পক্ষ থেকে চিকিৎসক, প্যারা মেডিক্যাল কর্মীদের থাকার ব্যবস্থাও করা হয়েছে। মঠ ও মিশনের পক্ষ থেকে আরও জানানো হয়, দেরাদুন, ইটানগর, মুম্বই ও নারায়ণপুর কেন্দ্রে প্রতিষেধক দেওয়া হচ্ছে। এছাড়া বেলুড় সারদাপীঠে করোনা কেয়ার সেন্টার ও করোনা পরীক্ষা কেন্দ্র খোলা হবে। সাধারণ মানুষ ও কয়েকটি গোষ্ঠী এই ত্রাণ কাজে সহায়তা করছেন বলেও জানানো হয়।

