Ration Card-1Others 

রেশন কার্ডে আধার-মোবাইল নম্বর সংযুক্ত করার কাজ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রেশন কার্ডে থাকছে আধার ও মোবাইল নম্বর। সূত্রের খবর, রেশন কার্ডের সঙ্গে আধার ও মোবাইল নম্বর যুক্ত করার কাজ শুরু রাজ্যে। প্রশাসনিক সূত্রের খবর, এই কাজ শুরুর নির্দেশও পৌঁছে গিয়েছে জেলায় জেলায়, এমনটা জানা গিয়েছে। খাদ্য দফতর সূত্রের খবর, গোটা রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য প্রতিটি কার্ডের সঙ্গে উপভোক্তার ফোন নম্বর থাকা জরুরি। আবার বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন বিলি করতে প্রয়োজন হয় আধারের সংযুক্তিকরণ।

সূত্রের আরও খবর, করোনা পর্বে রেশন বিলি-বন্টন ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। এরপর প্রতি উপভোক্তার রেশন নিশ্চিত করতে এসএমএস এবং বায়োমেট্রিক পরিষেবা কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য সরকার। উল্লেখ করা যায়, রাজ্যে এখন রেশন কার্ড রয়েছে প্রায় ১০ কোটি মানুষের। সেই তুলনায় খুব কম সংখ্যক কার্ডে উপভোক্তার যোগাযোগের নম্বর রয়েছে। এরফলে নতুন পরিষেবা কার্যকর করতে অসুবিধার মধ্যে পড়ছে খাদ্য দফতর।

এক্ষেত্রে আরও জানা যায়, ১১ নম্বর ফর্ম তৈরি করেছে দফতর। তার মাধ্যমেই রেশন কার্ডের সঙ্গে আধার ও মোবাইল নম্বর সংযুক্ত করতে পারবেন উপভোক্তারা। এক্ষেত্রে আরও বলা হয়েছে, করোনা আবহে রাজ্যে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজ পৃথকভাবে চালানো অসম্ভব। অন্যদিকে সেই কারণে নতুন রেশন কার্ড তৈরি বা চালু রেশন কার্ডের সংশোধন-পরিমার্জনের সময় আধার ও মোবাইল নম্বরের সংযোগ ‘বাধ্যতামূলক’ করা হয়েছে। জেলা, মহকুমা, ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত উপভোক্তাদের মোবাইল নম্বর ছাড়াও সম্ভব হলে হোয়াটসঅ্যাপ নম্বর ও ই-মেল আইডি দিতে হবে আবেদনপত্রে, এমনটাই জানানো হয়েছে। খাদ্য দফতর সূত্রে জানানো হয়, রেশন কার্ড সংক্রান্ত কাজকর্ম অনলাইনে করার সুবিধা দিয়েছে রাজ্য। এক্ষেত্রে উপভোক্তার মোবাইল নম্বর সংযুক্ত না থাকলে নথির প্রতিলিপি-সহ ১১ নম্বর ফর্ম ভর্তি করতে হবে।

Related posts

Leave a Comment