এনজেপি স্টেশন সংলগ্ন রাস্তা নিয়ে বেড়েছে দুর্ভোগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:উত্তরবঙ্গএনজেপি স্টেশনের গুরুত্ব অনেক বেশি। তবে ওই স্টেশন সংলগ্ন রাস্তা নিয়ে নাকাল পথচারী। দ্রুত সারানোর দাবি উঠলেও নির্বিকার প্রশাসন। স্থানীয় সূত্রের খবর,এই বিষয়ে স্মারকলিপি জমা পড়েছে রেলের দপ্তরে। তবুও হাল ফেরেনি স্টেশন সংলগ্ন রাস্তার। স্থানীয় সূত্রের আরও খবর, উত্তর-পূর্ব ভারতের রেলপথের প্রবেশদ্বার এনজেপি স্টেশন। আধুনিকতার ছোঁয়া রয়েছে স্টেশনে । এক্সেলেটর চালু সহ চকচকে প্ল্যাটফর্ম। তবে সেই স্টেশনের পথের চেহারা বড় বেমানান। প্রায় ২০০ মিটার রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। বর্ষায় বাড়ে দুর্ভোগ। নিত্যযাত্রীদের দুর্দশা বেড়েছে।
জানা যায়,মালগাড়ি থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে প্রতিদিন কয়েকশো পণ্যবাহী লরি যাতায়াত করে এই পথ দিয়ে। অন্যদিকে যাত্রী নিয়ে যাতায়াত করে সিটি অটো, টোটো থেকে চার চাকার অন্য গাড়িও । দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে কয়েক হাজার পর্যটক চলাচল করে এই স্টেশন দিয়ে। হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। এই সমস্যা বেশ কয়েক বছর ধরেই চলছে।
স্থানীয়ভাবে অভিযোগ,যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ির কলকব্জা ভাঙছে নিত্যদিন । গাড়িও উল্টে যাওয়ার মতো ঘটনা ঘটছে।বেহাল রাস্তা সারানোর তৎপরতা নেই। পর্যটন সংস্থাগুলোও রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছে। করোনার আবহে ট্রেনের সংখ্যা কম। রাস্তার উপরেও চাপ কম।এই অবস্থায় রাস্তা সারানোর দাবি জোরালো হয়েছে।

