শিক্ষক-শিক্ষিকাদের বদলি প্রক্রিয়া সরল করেছে শিক্ষা দফতর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এসএসসি ছাড়াই বদলি শিক্ষকদের। আবেদন করেও এক স্কুল থেকে অন্য স্কুলে সহজে যেতে পারেন না শিক্ষক-শিক্ষিকারা। এবার সেই সমস্যার মোকাবিলায় শিক্ষক-শিক্ষিকাদের বদলির প্রক্রিয়া আরও সরল করেছে শিক্ষা দফতর। সূত্রের খবর, এক্ষেত্রে আবেদন থেকে শুরু করে নতুন স্কুলে নিয়োগপত্র প্রাপ্তি পর্যন্ত সামগ্রিক প্রক্রিয়ায় প্রায় দুটি স্তর সাময়িকভাবে বিলোপ করা হচ্ছে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, বদলির ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র ভূমিকা আপাতত রদ।
স্কুলশিক্ষা দফতর সূত্রে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন ব্যবস্থায় সাধারণ বদলি, আপস-বদলি, বিশেষ বদলি-সহ যাবতীয় স্থানান্তরণের ক্ষেত্রে এসএসসি এবং জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতরের কোনও ভূমিকা থাকছে না। এবার বদলির জন্য শিক্ষক-শিক্ষিকাদের সরাসরি কমিশনার অব স্কুল এডুকেশনের কাছে আবেদন করতে হবে বলেও জানা গিয়েছে। কমিশনার অব স্কুল এডুকেশন সংশ্লিষ্ট শিক্ষকের আবেদন খতিয়ে দেখার পর বদলির সব প্রক্রিয়া সম্পন্ন করে সেটি মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠিয়ে দেবেন।
এক্ষেত্রে আরও জানা গিয়েছে, পর্ষদ শুধু বদলির নিয়োগপত্র দেবে। এর আগে শিক্ষকদের সব বদলির ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এক্ষেত্রে কমিশন জেলা বিদ্যালয় পরিদর্শক ও শিক্ষা দফতরের সঙ্গে সমন্বয় রেখে পুরো প্রক্রিয়া সম্পন্ন করত। সব মিলিয়ে প্রক্রিয়াটিতে অনেক সময় চলে যেত বলেও জানা যায়। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে জানান, শিক্ষকদের বদলিতে অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় লাগার অভিযোগ উঠছে। তাই বদলি প্রক্রিয়া যাতে দ্রুত হয়, তার ব্যবস্থা করা হবে। শিক্ষামন্ত্রীর সেই বক্তব্যের পরই এই বিজ্ঞপ্তি প্রকাশ করছে শিক্ষা দফতর।

