মহানন্দার জলে প্লাবিত ইংরেজবাজার ও পুরাতন মালদহ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাড়ছে মহানন্দার জল। মালদহের বেশ কিছু এলাকা আবারও জলের তলায়। এই নিয়ে দু-বার জলবন্দি হওয়ার ঘটনা ঘটল।দুর্গাপুজোর মুখে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, মহানন্দার জলে ভেসে গেল মালদহের ইংরেজবাজার ও পুরাতন মালদহ। জানা গিয়েছে, ওই পুরসভার একাধিক ওয়ার্ড জলে ভেসে গিয়েছে। দুই পুর শহরের কয়েক হাজার মানুষ সমস্যায় পড়েছেন। পাশাপাশি জলস্তরও বেড়েছে মহানন্দার।
প্রসঙ্গত,মহানন্দা নদীর তীরে মালদহের দুই পুরশহর ইংরেজবাজার ও পুরাতন মালদহ গড়ে উঠেছে । মহানন্দা নদীর জল বাড়া-কমার ওপর অনেকটা নির্ভর করে প্রাচীন দুই জনপদের জনজীবন। গত ২৪ ঘন্টায় মালদহের মহানন্দার জলস্তর বেড়েছে প্রায় ২৩ সেন্টিমিটার,সেচদপ্তর সূত্রে এমনটাই জানানো হয়েছে। স্থানীয় সূত্রের আরও খবর, ইংরেজবাজারএলাকার ৮, ৯ ও ১২ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা প্লাবিত। উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি এবং ওইসব এলাকায় ভারী বৃষ্টির জেরে বেড়ে চলেছে মহানন্দা নদীর জলস্তর।সব মিলিয়ে সমস্যা বেড়েছে সেখানকার মানুষের।

