বাইক দুর্ঘটনা মৃত্যু আমেরিকায় গবেষণারত সুদীক্ষার
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের বুলন্দশহরে পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক ছাত্রীর। জানা গিয়েছে, সুদীক্ষা ভাটি নামে ওই ছাত্রী মার্কিন মুলুকে গবেষণারত ছিলেন। মৃতের পরিবারের দাবি, ইভটিজাররা ধাওয়া করায় এই দুর্ঘটনা ঘটেছে। উল্লেখ্য, উত্তরপ্রদেশের দাদরি জেলার একটি প্রত্য়ন্ত গ্রামের এই চা বিক্রেতার মেয়ে সুদীক্ষা। পড়াশোনায় মেধাবী ছিলেন ছোটবেলা থেকেই।
মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়ায় কারণে একসময় প্রচারে চলে এসেছিলেন তিনি। গরিব পরিবারের থেকে উঠে আসা সুদীক্ষা ২০১৮ সালে রাজ্য ইন্টারমিডিয়েট পরীক্ষায় জেলায় প্রথম স্থানাধিকারী ছিলেন। এরপরই উচ্চশিক্ষার জন্য এইচসিএল তাঁকে ৩ কোটি ৮০ লক্ষ টাকার স্কলারশিপ দেয়। এরপর আর্থিক অনুদান পেয়ে আমেরিকায় চলে যান সুদীক্ষা। সূত্রের খবর, আমেরিকায় গবেষণারত ছিলেন সুদীক্ষা।
করোনা আবহে তিনি আমেরিকা থেকে দেশে ফেরেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামী ২০ আগস্ট আমেরিকায় ফিরে যাওয়ার আগে সুদীক্ষা তাঁর কাকার স্কুটার চড়ে বুলন্দশহরের সিকান্দ্রাবাদে মামারবাড়িতে যাচ্ছিলেন। সেইসময় রাস্তায় মোটরবাইক নিয়ে ধাওয়া করে ২ জন দুষ্কৃতী। হঠাৎই ব্রেক কষে বাইক নিয়ে আড়াআড়িভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে পরে ওই দুই যুবক।
এর জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ওই যুবকদের বাইকে ধাক্কা মারে ছাত্রীর কাকার স্কুটার। ছিটকে পড়ে যান তরুণী। মাথায় গুরুতর চোট লাগার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুদীক্ষার।

