রাজ্য সরকারের শিল্প উৎসাহ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রাজ্য সরকারের শিল্প উৎসাহ প্রকল্পের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হলো। বলা হয়েছে যারা সমবায়ের মাধ্যমে শিল্পতালুক গড়তে চায় তারা রাজ্য সরকারের কাছ থেকে বিদ্যুৎ ও রাস্তা নিঃখরচায় পাবে। করোনা পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ দিতেই রাজ্যের এই উদ্যোগ। ২০১৪ সালে এই প্রকল্পের সূচনা হয়েছিল প্রথম ৫ বছরের জন্য। উদ্দেশ্য ছিল- শিল্প লগ্নি ও কর্মসংস্থান বৃদ্ধি করা। কিন্তু এই প্রকল্পের মেয়াদ শেষ হতে চলেছে। তাই আরও ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সূত্রের খবর, এই সুযোগের আওতায় এখনো পর্যন্ত ১৪ টি শিল্পতালুক গড়ে উঠেছে। যদি বেসরকারি উদ্যোগে যদি শিল্পতালুক গড়ে ওঠে তবে রাজ্য সরকার আর্থিক সাহায্যের পাশাপাশি বিদ্যুতের জন্য সাবস্টেশন ও যোগাযোগের জন্য মূলসড়ক পর্যন্ত রাস্তা তৈরি করে দেবে নিঃখরচায়। সমবায়ের মাধ্যমেও শিল্পতালুক গড়তে চাইলে এই সুযোগ পাওয়া যাবে বলে জানা যায়।
এখন ৬০ একর বা তার বেশি জমিতে শিল্পতালুক গড়তে চাইলে সেই সংস্থাকে তার প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে হবে। এর মধ্যে রয়েছে গুদাম, হিমঘর এছাড়া প্রয়োজন অনুযায়ী লজিস্টিক পরিকাঠামো ইত্যাদি। তাছাড়া মোট প্রকল্পের ২০ শতাংশ অর্থ কমন ফেসিলিটি সেন্টারের জন্য যন্ত্রাংশ কেনায় ব্যয় করতে হবে। এই উদ্যোগ প্রথমে স্ব-খরচায় গড়ে তুলতে হবে, পরে রাজ্য সরকার এই অর্থ ফেরত দেবে। ৩৯ একর জমিতে কোনও শিল্প উদ্যোগ গড়ে উঠলে অনুদান পাওয়া যাবে ২ কোটি টাকা। আবার ৫৯ একর জমিতে গড়ে উঠলে পাওয়া যাবে ৪ কোটি টাকা করে। এইভাবে ৭৯ একর জমির জন্য দেওয়া হবে ৬ কোটি টাকা আর ৯৯ একরের জন্য পাওয়া যাবে ৮ কোটি টাকা। যদি কোনও শিল্পতালুক ১০০ একরের বেশি হয় সেক্ষেত্রে পাওয়া যাবে ১০ কোটি টাকা পর্যন্ত। এছাড়াও শিল্পতালুকে অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বসলে একর প্রতি ৫ লক্ষ টাকা পাওয়া যাবে। ন্যূনতম ২০ একর জমি নিয়ে ২০ টি ক্ষুদ্র শিল্প সংস্থাকে নিয়ে এই শিল্পতালুক গড়ে তোলা যেতে পারে বলে জানা যায়।

