কোভিড প্রটোকল মেনেই আগামী বুধবার থেকেই চালু লোকাল ট্রেন
জেনে নিন হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের নতুন টাইম টেবিল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অবশেষে ৮ মাসের দীর্ঘ প্রতীক্ষার পর আগামী বুধবার থেকে রাজ্যে গড়াবে ট্রেনের চাকা। তবে পূর্ব ঘোষিত অনুযায়ী ট্রেনের সংখ্যা তুলনামূলক অনেক কম থাকবে। উল্লেখ্য, গত সপ্তাহে শুক্রবার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ১৮১ জোড়া ট্রেন চালাবে।
এরপর পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে রেল কর্তৃপক্ষকে ট্রেন বাড়াতে অনুরোধ করে রাজ্য। এবার রাজ্যের সেই দাবি মেনে ট্রেন চলবে ৬৯৬ টি। যারমধ্যে পূর্ব রেল চালাবে ৬১৫টি এবং দক্ষিণ পূর্ব রেল চালাবে ৮১টি। পূর্ব রেলের মধ্যে শিয়ালদহ ডিভিশন চলবে ৪১৩টি এবং হাওড়া ডিভিশন চলবে ২০২টি ট্রেন।
এক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কালীপুজোয় সংক্রমণ ঠেকাতে প্রশাসন সতর্কতা অবলম্বন করেছে। যার ফলে বেশি ট্রেন চললে ভিড়ে গাদাগাদি হওয়ার সম্ভাবনা কম। তবে রেলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, প্রত্যেক যাত্রী যেন নিজেদের সুরক্ষায় কোভিড প্রটোকল মেনে চলেন।

