স্কটল্যান্ডের “দ্য কুইন্স গ্যালারি”-তে ভারতীয় শিল্পকলার প্রদর্শন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্কটল্যান্ডে ভারতীয় শিল্পকলার প্রদর্শনী শুরু। দক্ষিণ এশিয়ার শিল্প ও সংস্কৃতির ঐতিহ্য এখন অতীত। এখন নতুন করে আবার তা ফিরে আসার প্রয়াস রয়েছে। সূত্রের খবর, এই প্রথম কোনও প্রদর্শনীর আয়োজন স্কটল্যান্ডে। “দ্য কুইন্স গ্যালারি”-তে এই প্রদর্শনী হবে। মুঘল আমলের রত্নখচিত ছোরা, বর্ণোজ্জ্বল চিত্রকলা থেকে শুরু করে ব্রিটিশ শাসকদের ঐতিহাসিক জার্নাল বা চিঠিপত্র থাকছে। আবার চার শতকের সাংস্কৃতিক ইতিহাসের নমুনা দর্শকদের সাজানো থাকছে। সূত্রের আরও খবর, অখণ্ড ভারতবর্ষের রূপকলা- সমৃদ্ধ অতীতকে তুলে ধরা হয়েছে। এর অনেক কিছুই অতীতে কোনও প্রদর্শনীতে দেখা যায়নি।
এ বিষয়ে আরও জানা গিয়েছে, শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বেগম জিনাত মহলের সোনার লকেট, যার বাইরের অংশটি হীরে ও রুবি দিয়ে মোড়া। ১৯ শতকের শেষের দিকে এই লকেটটি উপহার হিসেবে পেয়েছিলেন রানি ভিক্টোরিয়া। এক্ষেত্রে উদ্যোক্তারা দাবি করেছেন, দর্শকদের নজর কাড়বে পবিত্র কোরানের একটি “মিনিয়েচার সংস্করণ”। এর দৈর্ঘ্য ৪৬ সেন্টিমিটার ও প্রস্থে ৩৫ সেন্টিমিটার। ঐতিহাসিকেরা এই সংক্রান্ত বিষয়ে জানিয়েছেন, সম্রাট সপ্তম এডওয়ার্ডের রাজ্যাভিষেক উপলক্ষে তাঁকে একটি বহুমূল্য চুনী যৌতুক হিসেবে পাঠিয়েছিলেন পাঞ্জাবের রাজা হীরা সিংহ। এই প্রথম সেটি কোনও প্রদর্শনীতে জায়গা করে নিয়েছে।

