akali-dal-ndaBreaking News Politics 

বিজেপি ছাড়ল শিরোমণি আকালি দল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কৃষি বিলের বিরোধিতায় এনডিএ ছাড়ল শিরোমণি আকালি দল। সূত্রের খবর, সংসদে পাশ হওয়া কৃষি বিলের বিরোধিতায় সবথেকে পুরনো শরিক আকালি দল বিজেপি-র সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করল। জানা গিয়েছে, দলের কোর কমিটির বৈঠকের পরই এই সিদ্ধান্ত জানানো হয়।

সূত্রের আরও খবর, কয়েকদিন পূর্বেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন অকালি দলের হরসিমরত কউর বাদল। এরপরই এনডিএ ছাড়ারও প্রাথমিক ইঙ্গিত পাওয়া যায়। এরপর সংসদে বিতর্কিত এই কৃষি বিল পাশ করিয়ে নেয় কেন্দ্র। অন্যদিকে পাঞ্জাবে কৃষি বিলের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে চাপ বাড়ছিল অকালি দলের উপর ৷ ফলে বিজেপি-র সঙ্গে পুরোপুরি সম্পর্ক বিছিন্ন করে এনডিএ থেকে বেরিয়ে আসা ছাড়া কোনও উপায় ছিল না বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, বিজেপি-র সঙ্গে আগামীদিনে জোট থাকবে কি না, সেবিষয়ে আলোচনা করতেই চণ্ডীগড়ে দলের কোর কমিটির বৈঠকের আয়োজন করা হয়। আর সেই বৈঠকেই এনডিএ ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয় বলে খবর।

অন্যদিকে দলের প্রধান সুখবীর সিং বাদলের অভিযোগ, তাদের আপত্তি অগ্রাহ্য করেই ৩টি কৃষি বিল সংসদে পেশ করা হয়েছে। তাঁর আরও অভিযোগ, বিন্দুমাত্র পরিবর্তন না করেই বিলগুলি সরকার পেশ করেছে।এতে আমরা খুবই মর্মাহত। যে সরকার কৃষকদের কথা ভাবে না, তার অংশ হয়ে থাকার কোনও মানে নেই। তবে রাজনৈতিকমহলের ধারণা, বর্তমান পরিস্থিতিতে বিজেপি-র সঙ্গ না ছাড়লে অকালি দলের পাঞ্জাবে আসন হারানোর আশঙ্কা ছিল।

Related posts

Leave a Comment