বারুইপুরের ফার্মে এবার সর্ষের চারা তৈরির উদ্যোগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এবার মাইক্রো পট পদ্ধতিতে সর্ষের চাষ হচ্ছে। স্থানীয় সূত্রের খবর, বারুইপুর কৃষি ফার্ম মাইক্রো পট পদ্ধতিতে সর্ষের চারা তৈরি ও রোপণ প্রক্রিয়া শুরু করেছে। এক্ষেত্রে এই পদ্ধতিতে সর্ষের বীজগুলি একটি ছোট টবে চারা তৈরির জন্য রোপণ করা হয়। যা পরে জমিতে রোপণ করা হয়ে থাকে। এই পদ্ধতিতে দক্ষিণ ২৪ পরগনা জেলার কোথাও চাষ করা হয় না। বারুইপুরের এই কৃষি ফার্মটি অন্যান্য অঞ্চলের কৃষকদের পথ দেখাচ্ছে।
স্থানীয় সূত্রের আরও খবর, এ বছর দশ একর জমিতে সর্ষের চাষ হয়েছে। বীজগুলি ছোট ছোট মাটির টবগুলিতে ফেলা হয়। কয়েক সপ্তাহের মধ্যে চারাগাছ তৈরি হয়ে যায়। এরপরে চারাগুলি মাটিতে রোপণ করা হয়ে থাকে। সূত্রের খবর, গত বছর এই পদ্ধতিতে চাষাবাদ করে সাফল্য এসেছে। টানা তিন বছর সফল হলে এই পদ্ধতিটি অনুসরণ করা যেতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
এই পদ্ধতিতে চাষের ফলে সুবিধাগুলি হল- প্রথমত, ভেজা মাটি বা জল নামতে দেরি হওয়া জমিতে এই পদ্ধতিটি খুব কার্যকর। দ্বিতীয়ত, সর্ষে চাষের জন্য সময় নষ্ট হবে না। কারণ আমন চাষের পরে বোরোর চাষের জন্য সময় লাগতে পারে। এ কারণে সর্ষের চারা রোপনে দেরি হওয়ার ঝুঁকি রয়েছে। যে কারণে প্রাথমিক কাজটি করা হলে সময় নষ্ট হওয়ার কোনও সম্ভাবনা থাকে না। তৃতীয়ত, শীত কমে গেলে বিশেষ ধরণের পোকা সর্ষে গাছে হয়। এটি চাষের জন্য তা ক্ষতিকর। সুতরাং, সঠিক সময়ে চাষ করা গেলে সর্ষের বীজ ঠান্ডা যাওয়ার আগে শক্ত হয়ে উঠবে। তাহলে পোকামাকড় ক্ষতি করতে পারবে না। এ ছাড়া টবে মাটি নিয়ে জমিতে চারা রোপণ হওয়া গাছের শিকড়ও ক্ষতিগ্রস্থ হবে না।

