করোনার থাবায় পর্যটন শিল্পে আবারও জোর ধাক্কা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবারও করোনার থাবা পর্যটনে। দার্জিলিং,পুরী,সিকিম ও দীঘায় পর্যটন ক্ষেত্রে আবারও মন্দা। শূন্যতার সৃষ্টি হয়েছে একেবারে। এক দিকে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। অন্যদিকে পর্যটন শিল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত। কবে হাল ফিরবে তা নিয়ে অনিশ্চয়তা। আশঙ্কা কাটিয়ে আবারও নতুন করে পসার কবে জমবে তা জানা নেই কারও।
স্থানীয় সূত্রের খবর,ভ্রমণপ্রিয় বাঙালি আবারও ভ্রমণের নেশায় বের হতে শুরু করেছিলেন। ভিড় বাড়ছিল দার্জিলিং, সিকিম, দীঘা সহ বিভিন্ন পর্যটনক্ষেত্র গুলিতে। এরপর আবারও আতঙ্ক গ্রাস করেছে পর্যটন শিল্পে। সমস্ত হোটেলের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা। বিপর্যস্ত পুরো পর্যটন শিল্পই। পর্যটক শূন্য সব এলাকা। বেচাকেনাও নেই কোথাও। সবাই ঝাঁপ ফেলে দিয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানানো হয়েছে,গত বছর আনলক হওয়ার পর পরিস্থিতি আবার আগের মতো হবে এমনটাই মনে করেছিলেন অনেকেই । পর্যটকদের যাতায়াতও আগের মতো শুরু হবে,এমনও প্রত্যাশা ছিল।দ্বিতীয়বার করোনা আছড়ে পড়তেই বিপত্তি বেড়েছে। সব কিছু বন্ধ হয়ে যায়। সেই ক্ষতি কীভাবে সামাল দেওয়া যাবে, তা নিয়েই উদ্বেগ বেড়েছে পর্যটন ব্যবসায়ীদের। সব মিলিয়ে পর্যটনে জোর ধাক্কা লেগেছে।

