ভ্রমণ প্যাকেজে কর ছাড় কেন্দ্রের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পর্যটনে ছাড়। বিদেশি ও অনাবাসী ভারতীয়েরা এ দেশ ঘুরে ভারতীয় পর্যটক সংস্থার মাধ্যমে অন্য দেশে গেলে তাঁদের ভ্রমণ প্যাকেজে ৫ শতাংশ টিসিএস বা উৎসে সংগৃহীত কর কাটা হত। এবার সেই করে ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই দাবি সরকার মেনে নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব টু-র অপারেটর্স।
এ বিষয়ে আরও জানা যায়, ভারত থেকে অন্য দেশে গেলে ওই কর প্রয়োজন হয়। এক্ষেত্রে প্যান থাকলে পর্যটক পরবর্তী সময়ে আয়কর দাখিলের সময়ে করের টাকা ফেরৎ পেয়ে থাকেন। উল্লেখ করা যায়, ওই কর বসে যেসব বিদেশি ও অনাবাসী ভারতীয় এ দেশ ঘুরে নেপাল, ভূটান, শ্রীলঙ্কা বা অন্য দেশে যেতে ভারতীয় পর্যটন সংস্থার কাছে একসঙ্গে প্যাকেজ বুক করে থাকেন, তাঁদের উপরেও। এক্ষেত্রে প্যান না-থাকায় বা এখানে কর না-দেওয়ায় টাকা ফেরৎ পান না। সেক্ষেত্রে অনেকে ভারত ঘুরে নিজেরা অন্য দেশে যান বা বিদেশি সংস্থার প্যাকেজ কিনে থাকেন। এরফলে ব্যবসায় ক্ষতি হয় দেশীয় সংস্থাগুলির।

