nandigram and assemblyOthers Politics 

সকালে শান্তিপূর্ণ ভোট -দুপুরে উত্তপ্ত নন্দীগ্রাম

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অগ্নিগর্ভ নন্দীগ্রাম। বুথের ভিতরে এক ঘণ্টা আটকে থাকলেন তৃণমূল নেত্রী। কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন একাংশের। স্থানীয় সূত্রের খবর,মুখ্যমন্ত্রী পৌঁছতেই বয়াল এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ হাতে ইট, বাঁশ, লাঠি নিয়ে বুথের বাইরে জড়ো হয়ে যান বহু সংখ্যক তৃণমূল ও বিজেপি সমর্থক ৷

ওই সময় বুথের ভিতরে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী ৷ ছিল না কেন্দ্রীয় বাহিনীও ৷ পুলিশের সংখ্যাও বিশেষ ছিল না ৷ এই অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে প্রায় এক ঘণ্টা বুথের ভিতরে আটকে থাকতে হল রাজ্যের মুখ্যমন্ত্রীকে ৷ রীতিমতো উত্তপ্ত হয় নন্দীগ্রাম৷ ঘটনাস্থল থেকেই রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর ফোনে কথা হয় বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী,সকাল থেকে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া প্রায় শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণপর্ব চলছিল নন্দীগ্রামে ৷ দুপুর ১টার পর রেয়াপাড়ার বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বয়াল প্রাথমিক স্কুলের ৬০ নম্বর বুথে যান ৷ সকাল থেকেই ওই এলাকায় তৃণমূল সমর্থকরা ভোট দিতে পারছিলেন না বলে অভিযোগ আসছিল ৷ এই খবর পাওয়ার পর ওই বুথে পৌঁছন তৃণমূল সুপ্রিমো।

মুখ্যমন্ত্রী পৌঁছতেই বয়াল এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ তৃণমূল ও বিজেপি উভয় সমর্থকরা উত্তেজনা সৃষ্টি করে। পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হয়ে দাঁড়ায়। সেখানে কোনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে দেখা যায়নি বলেও অভিযোগ ৷ বুথের ভিতরে আধাসেনা থাকলেও বাইরে কেন্দ্রীয় বাহিনীর কোনও জওয়ান ছিল না,এমনও অভিযোগ। পুলিশ বাহিনীও পর্যাপ্ত সংখ্যায় ছিল না। সংঘর্ষ বেঁধে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় ৷ এই অবস্থায় মুখ্যমন্ত্রীকে বুথের বাইরে আনার সাহস পাননি তাঁর নিরাপত্তারক্ষীরা ৷

গোটা ঘটনায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ৷ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, “আমি চাই মানুষ ভোট দিক ৷ কাউকে বিরক্ত করতে চাই না ৷ তিনি অভিযোগ করে জানিয়েছেন, “এখানে ৮০ শতাংশ ছাপ্পা ভোট পড়ে গিয়েছে ৷ আমরা কোর্টে যাব, কেন্দ্রীয় বাহিনী বিজেপি-র কথায় কাজ করছে ৷ ওরা স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে কাজ করছে ৷ বাইরে সব হিন্দিতে কথা বলছে ৷ এরা বাইরের লোক ৷” সব মিলিয়ে নন্দীগ্রামে অভিযোগ পাল্টা অভিযোগ শোনা গিয়েছে।

Related posts

Leave a Comment