ঘুড়ি উৎসবের মাধ্যমে অভিনব প্রচারে তৃণমূল
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: ঘুড়ি উৎসবের মাধ্যমে ২০২১ সালের ভোটের প্রচার শুরু করে দিল বিধাননগর পুর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নির্মল দত্ত। সূত্রের খবর, আজ সল্টলেক দত্তাবাদের বালির মাঠে ঘুড়ি উৎসবের আয়োজন করেছিলেন কাউন্সিলর নির্মল দত্ত। জানা গিয়েছে, আজ এবং আগামীকাল, ২ দিন ধরে চলবে এই ঘুড়ি উৎসব।
ঘুড়িতে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশাপাশি তৃণমূল বিধায়ক সুজিত বোসের ছবি এবং তৃণমূলের প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়েছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘুড়ি উৎসবের মাধ্যমে ২০২১ সালের ভোট প্রচার শুরু করা হল। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং দলীয় প্রতীক চিহ্ন দেওয়া ঘুড়ি কেটে মানুষের হাতে গিয়ে পড়বে। এইভাবেই ভোটের প্রচার হবে। ভোট প্রচারে একটা নতুনত্ব আনা হয়েছে ঘুড়ি লাঠাইয়ের মাধ্যমে, এমনটাই দাবি করেছেন উদ্যোক্তারা।

