ডব্লুবিসিএস (জুডিশিয়াল)-এর প্রিলিমিনারি পরীক্ষার উদ্যোগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ডব্লুবিসিএস (জুডিশিয়াল)-এর প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। সূত্রের খবর, পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ ঠিক হয়েছে আগামী ১১ অক্টোবর। প্রসঙ্গত, করোনা আবহে বেশ কয়েকটি চাকরির পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করে পিএসসি। তবে খুব শীঘ্রই তা নেওয়া হবে বলে জানানো হয়। সেই পরিপ্রেক্ষিতে ডব্লুবিসিএস (জুডিশিয়াল)-এর প্রিলিমিনারি পরীক্ষা নিতে উদ্যোগী হয়েছে পাবলিক সার্ভিস কমিশন।
সংস্থার সূত্রে জানা গিয়েছে, আগামী ১১ অক্টোবর পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য নির্দিষ্ট সময়ে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। উল্লেখ্য, পূর্বে ঘোষিত সম্ভাব্য সূচি অনুযায়ী ওই পরীক্ষা নেওয়ার কথা ছিল। অন্যদিকে পিএসসি-র নিয়ন্ত্রণাধীন ক্লার্কশিপ পার্ট-টু পরীক্ষাও স্থগিত। আবার ক্লার্কশিপের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল করোনা পরিস্থিতিতেই ঘোষণা করেছে পিএসসি।
চূড়ান্ত পরীক্ষায় বসবেন প্রায় ৬৫ হাজার পরীক্ষার্থী। উল্লেখ করা যায়, গত ৪ আগস্ট পিএসসি বিভিন্ন পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করে। আবার আগামী ২৭ সেপ্টেম্বর ক্লার্কশিপ পার্ট-টু পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। পরবর্তীতে সব পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। জানা যায়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার নিয়োগের চূড়ান্ত পরীক্ষা ১০-১১ অক্টোবর নেওয়ার কথা ছিল। তাও স্থগিত হয়ে যায়। ক্লার্কশিপ ও অঙ্গনওয়াড়ির সুপারভাইজার নিয়োগের চূড়ান্ত পরীক্ষাতে চাকরিপ্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। এক্ষেত্রে বলা হয়েছে, পরীক্ষার্থীর সংখ্যা কম রয়েছেন, এমন পরীক্ষা আগে নিয়ে পরিস্থিতি যাচাই করে নিতে চাইছে পিএসসি।
এ বিষয়ে আরও জানা যায়, বিচারক পদে নিয়োগের ডব্লুবিসিএস (জুডিশিয়াল) পরীক্ষায় আইনের স্নাতকরাই মূলত পরীক্ষা দিতে পারেন। করোনা সংক্রমণের জেরে এখন স্কুল-কলেজ বন্ধ। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি বজায় রেখে আরও বেশি পরীক্ষাকেন্দ্র খুলতে খুব একটা সমস্যা হবে না পিএসসি-র। অন্যদিকে এখনও লোকাল ট্রেন-সহ অন্যান্য গণ-পরিবহণ ব্যবস্থা সচল হয়নি। সব মিলিয়ে সেপ্টেম্বর মাসে পরীক্ষাগুলি স্থগিত করে দেওয়া হয়। অক্টোবর মাসে লোকাল ট্রেন চালু হওয়ার একটা সম্ভাবনা থাকছে। পরিবহণ ব্যবস্থা কিছুটা স্বাভাবিক হবে বলে মনে করে ডব্লুবিসিএস (জুডিশিয়াল)-এর প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে পিএসসি। পরীক্ষা নেওয়ার বিষয় চূড়ান্ত হলেই অ্যাডমিট কার্ড আপলোড করে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে ওয়েবসাইটে, এমনটাই জানা গিয়েছে।

