RIP SushantBreaking News Lifestyle 

মাদক তদন্তে শীঘ্রই সমন পাঠানোর সম্ভাবনা দুই অভিনেত্রীকে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বলিউডে মাদক চক্রের পর্দাফাঁসে ধাপে ধাপে ক্রমশ জাল বিস্তার করছে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। জানা গিয়েছে, এবার মাদক তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি ডেকে পাঠাতে পারে বলিউডের দুই অভিনেত্রীকে। এঁরা হলেন শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খান।

সূত্রের খবর, প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর জেরার মুখে এই দুই অভিনেত্রীর নাম বারবার উঠে এসেছে। এক্ষেত্রে এনসিবি-র তদন্তকারী দল শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খানকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। চলতি সপ্তাহেই তাঁদের সমন পাঠানো হতে পারে বলেও জানা গিয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জুন মুম্বাইয়ে নিজের ফ্ল্যাট থেকে সুশান্তের মৃতদেহ উদ্ধার হয়েছিল। এরপর সিবিআইয়ের সঙ্গে যৌথভাবে তদন্তে নামে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো। পরে রিয়ার হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে মাদক যোগের বিষয়টি জানতে পারে এনসিবি। এর পরিপ্রেক্ষিতে গত ৯ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো। সূত্রের আরও খবর, এর আগে রিয়াকে ৩ বার জিজ্ঞাসাবাদ করা হয়।

পাশাপাশি জেরার সময় রিয়া চক্রবর্তী বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর নাম নিয়েছেন বলে জানা গিয়েছে। এক তদন্তকারী অফিসার জানিয়েছেন, রিয়া চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ মেসেজগুলি দেখার পর প্রাথমিক তদন্তে শ্রদ্ধা কাপুর, সারা আলি খান সহ বেশ কয়েক জন অভিনেতা-অভিনেত্রীর নাম পাওয়া গিয়েছে। ওই দুজনকে চলতি সপ্তাহেই তলব করা হবে। খুব শীঘ্রই এনসিবি-র পক্ষ থেকে নোটিস পাঠানো হবে তাঁদের।

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, মাদক তদন্তে এনসিবি ডেকে পাঠিয়েছে সুশান্তের ম্যানেজার শ্রুতি মোদী এবং প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজারকে। অন্যদিকে ৫৯ গ্রাম মারিজুয়ানা উদ্ধারের পর তদন্তকারী সংস্থাটি দ্বিতীয় মাদক যোগের মামলাটি দায়ের করেছে বলে জানা যায়। ওই মামলার ভিত্তিতে রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক এবং সুশান্তের দুই কর্মচারী সহ মোট ১৫ জনকে গ্রেফতার করেছে নার্কোটিক ব্যুরো।

প্রসঙ্গত, মুম্বইয়ের এক আদালত রিয়ার জামিনের আবেদন খারিজ করে দেয়। এক্ষেত্রে আদালত জানিয়েছে, তিনি ছাড়া পেলে জেরায় যাঁদের নাম উল্লেখ করেছেন, তাঁদের সাবধান করে দিতে পারেন। পাশাপাশি তথ্যপ্রমাণও নষ্ট হতে পারে। অন্যদিকে, তাঁকে দিয়ে জোর করে বিবৃতি দেওয়ানো হয়েছে, রিয়ার এই দাবিও খারিজ করে দেয় আদালত।

Related posts

Leave a Comment