UTS

লোকালের টিকিট মোবাইল অ্যাপে সম্ভব কি না তাই নিয়ে চলছে জল্পনা

আমার বাংলা কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ করোনা পর্বে কিভাবে ভিড় এড়িয়ে লোকালের টিকিট কাটা সম্ভব তা নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে রেল কর্তৃপক্ষ। তাঁরা এক্ষেত্রে মোবাইল অ্যাপের উপরই নির্ভর করতে চায় বলে জানা গিয়েছে। এর ফলে বিভিন্ন স্টেশনের অসংরক্ষিত টিকিট বুকিং কাউন্টার গুলোর সামনে ভিড় কমবে, তেমনই এড়ানো যাবে স্পর্শ। রেলকর্তৃপক্ষ লোকাল ট্রেন চালুর বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার সময় এরকমই প্রস্তাব দেবে বলে জানা যায়। এখন রেলের যে ইউটিএস অন মোবাইল অ্যাপ রয়েছে, তার সাহায্যেই লোকাল ট্রেনের টিকিট বুকিংয়ের ব্যবস্থা করা হতে পারে।

করোনা সংক্রমণ মোকাবিলার জন্য সারা দেশে লকডাউন চলে। ফলে মার্চ মাসের শেষের দিক থেকেই বন্ধ ছিল ট্রেন পরিষেবা। আনলকে মাঝে-মধ্যে মেট্রোর চাকা গড়ালেও শহর ও শহরতলির ট্রেন চলা নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও পর্যন্ত গ্রহণ করা হয়নি। যদিও রেল কর্তৃপক্ষ লোকাল ট্রেন চালু করার বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এখানে মূল সমস্যা হল ভিড় নিয়ন্ত্রণ। এই ভিড় নিয়ন্ত্রণ করার জন্যই টিকিট বুকিং করতে মোবাইল অ্যাপ ব্যবহারের প্রয়োজনীয়তার কথা ভাবছে রেল।

তাছাড়া যাত্রী ভিড় নিয়ন্ত্রণ করতে মেট্রোয় যেভাবে ই-পাস ব্যবস্থা চালু করেছে সেভাবে লোকাল ট্রেনের ক্ষেত্রেও অনুরূপ পদ্ধতি অবলম্বন করা যাবে কি না সে কথা ভেবে দেখছেন রেলের আধিকারিকেরা। সমস্যা হল, লোকাল ট্রেনের পরিকাঠামো মেট্রোর মতো নয়। শহরতলির রেল স্টেশনগুলিতে প্রবেশের পথ অনেক। সেখানে ই-পাসের সাহায্যে ভিতরে প্রবেশের অনুমতি পাওয়া যাবে, এরকম ব্যবস্থা করা সম্ভব নয়। কিন্তু টিকিট বুকিংয়ের ক্ষেত্রে মোবাইল অ্যাপ ব্যবহার করলে যাত্রীরা বাড়িতে বসেই টিকিট কাটতে পারবেন এবং স্টেশনে টিকিট পরীক্ষার সময় স্পর্শ ছাড়াই এটা করা যাবে। তবে মোবাইল অ্যাপের দ্বারা টিকিট বুকিং শুরু অনিবার্য করা যায় কি না, তা নিয়েও নিশ্চিত নয় রেল কর্তৃপক্ষ। রাজ্যের সঙ্গে আলোচনার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *