দুর্গাপুজোর সময় রাজ্যে ইউজিসি -নেট পরীক্ষা নয়

ugc net and durgapuja

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:পুজোর সময় হচ্ছে না ইউজিসি-র নেট পরীক্ষা, সূচি বদল করল কেন্দ্র। দুর্গাপুজোর সময় পরীক্ষা নিয়ে রাজ্যে অসন্তোষ তৈরি হয়। পুজোর মধ্যে এমন গুরুত্বপূর্ণ পরীক্ষার দিন ফেলা নিয়ে আপত্তি ওঠে। ক্ষুব্ধ হয় রাজ্যের শাসক দল। সূত্রের খবর, অবশেষে রাজ্যের আবেদন গ্রহণ করল কেন্দ্র ৷ জানা গিয়েছে , দুর্গাপুজোর সময় এরাজ্যে হবে না কোনও নেট পরীক্ষা ৷ এক্ষেত্রে পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ৷ পাশাপাশি পরীক্ষার পরিবর্তিত সূচি তৈরি করে তা পরে জানানো হবে ,এমনটাই জানা যায়।
উল্লেখ্য, এ বছর করোনা আবহে বাকি পরীক্ষাগুলির মতোই পিছিয়ে দেওয়া হয় নেট পরীক্ষাও ৷ সর্বশেষ পরীক্ষা সূচি অনুযায়ী ২১, ২২ ও ২৩ অক্টোবর দিন ঠিক হয়েছে।এক্ষেত্রে দুর্গাপুজোর পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমীর দিন নেট পরীক্ষা হওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷
দুর্গাপুজোর সময় এই পরীক্ষার দিন ফেলা নিয়ে আপত্তি ওঠে। ইউজিসি -নেট ২০২০ পরীক্ষার সূচি পরিবর্তনের আর্জি জানিয়ে চিঠি পাঠান পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ দুর্গাপুজোর সময় রাজ্যে নেট পরীক্ষা না রাখার আবেদন নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের সঙ্গে সাক্ষাতে কথা বলেছেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী ৷ এ বিষয়ে দিনেশ ত্রিবেদী জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী অনুরোধ মেনে নিয়েছেন এবং আশ্বস্ত করেছেন পুজোর সময় নেট পরীক্ষা নেওয়া হবে না ৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ওই তিন দিনের নেট পরীক্ষা পুজোর পরে হবে ৷ নতুন সূচি তৈরি করে তা জানিয়ে দেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
রাজ্যের আবেদন কেন্দ্র মেনে নিয়ে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *