কোভিডের মৃদু সংক্রমণ : সচেতনতাই হোক সুরক্ষা
সচেতনতার বার্তা রাজ্য প্রশাসনের। কলকাতায় আবার বাড়ছে কোভিডের মৃদু সংক্রমণ। বর্ষার এই সময়ে সাধারণত সর্দি-কাশি ও ভাইরাল ফিভারের সংক্রমণ ঘটে থাকে। তবে কলকাতা শহরে নতুন করে কোভিড আক্রান্তের খবর নিয়ে জল্পনা ও আশঙ্কা বেড়েছে। এক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটা অংশের মতামত, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই, সংক্রমণগুলো মূলত ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্টের মতো মৃদু প্রকৃতির। প্রধান উপসর্গ হিসেবে চিকিৎসকদের মহলের বক্তব্য, আক্রান্ত রোগীদের জ্বর ও শুকনো কাশি সহ গলায় ব্যথা অনুভূত হচ্ছে। শরীর ও গাঁটে গাঁটে ব্যথার প্রবণতা বাড়ছে। পাশাপাশি সর্দি ও মাথা ব্যথার মতো উপসর্গগুলি থাকছে। এই আবহে কারা বেশি সতর্ক হবেন জেনে নিন। চিকিৎসকরা বলছেন,প্রবীণ বা বয়স্ক ব্যক্তিরা খুব বেশি সতর্ক থাকবেন। গর্ভবতী মায়েরা, অ্যাজমা, ডায়াবেটিস থাকলে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে সতর্ক হবেন। শরীরে দীর্ঘমেয়াদী রোগ থাকলে বাড়তি সতর্কতা জরুরি। এক্ষেত্রে কি করণীয়: চিকিৎসকদের পরামর্শ হল-জ্বর বা ঠান্ডা লাগলে অযথা ভয় না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। লক্ষণ বেশিদিন স্থায়ী হলে বা শ্বাসকষ্ট দেখা দিলে কোভিড টেস্ট করিয়ে নেবেন। জনবহুল এলাকায় বা হাসপাতালে যাওয়ার সময় মুখে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। তবে মনে রাখবেন, ভয় নয়,সচেতনতাই হোক সুরক্ষা।

