ছোট শিল্পে উৎসাহ ও নতুন পরিকল্পনা রূপায়ণে এবার– “চ্যাম্পিয়ন”
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ছোট শিল্পের সমস্যা দূর করতে কলকাতায় “ক্লিনিক” কেন্দ্রীয় সরকারের। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের ছোট শিল্প সংস্থা কোনও সমস্যায় পড়লে, তা মেটাতে সাহায্য করবে কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রক। এই পরিষেবা পাওয়া যাবে অনলাইনে। সম্প্রতি চালু হওয়া ওই পরিষেবায় ইতিমধ্যেই সাড়া মিলেছে বলে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, ছোট শিল্পের পক্ষ থেকে বিভিন্ন সময় নানা অভিযোগ ও দাবি-দাওয়া থাকে। এই সমস্যা নিরসনে গত মাসে “চ্যাম্পিয়ন্স” নামে একটি পোর্টাল চালু করে কেন্দ্রীয় সরকার।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক সূত্রের খবর, শিল্প সংস্থাগুলি এই পোর্টালে তাদের অভিযোগ বা সমস্যাগুলি জানাতে পারবেন। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সমাধান করার ব্যবস্থা করা হবে। আরও জানা যায়, ছোট শিল্পের ক্ষেত্রে একরকম সিঙ্গল উইন্ডো সিস্টেম হিসেবে কাজ করবে এই পোর্টালটি। মূলত ছোট শিল্পকে উৎসাহ দেওয়া এবং নতুন পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করতে উত্তর কলকাতার বন হুগলিতে কেন্দ্রীয় সরকারের একটি প্রতিষ্ঠান রয়েছে। নাম– এমএসএমই ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। “চ্যাম্পিয়ন্স” পোর্টালে পশ্চিমবঙ্গ থেকে ছোট শিল্প সংক্রান্ত অভিযোগগুলি আসছে, তার সমাধান করার দায়িত্ব রয়েছে এই সংস্থার উপর। খোলা হয়েছে কন্ট্রোল রুমও। এ প্রসঙ্গে আরও জানা গিয়েছে, এই প্রকল্পটির জন্য নিযুক্ত হয়েছেন বেশ কয়েকজন অফিসার। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিষেবা পাওয়া যায়।

