জীবন গড়ার মহান কারিগর
আজ শিক্ষক দিবস। আদর্শ শিক্ষক, মহান দার্শনিক, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও ভারতরত্ন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তীতে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও সশ্রদ্ধ প্রণাম জানাই। জীবন গড়ার মহান কারিগর সকল শিক্ষক-শিক্ষিকা,পিতা-মাতা ও অভিভাবকরা। তাঁদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা। ছাত্র-ছাত্রীরা যাতে নিজে থেকে শেখে তার জন্য শেখার প্রতি আগ্রহ সৃষ্টি করাটাই কাজ। শিক্ষার জগৎ এক মহাসমুদ্র। সেই জ্ঞান মহাসমুদ্রে ছেড়ে দিতে হবে। পড়ুয়ারা নিজেরাই সমুদ্র পেরিয়ে যেতে শিখুক না। যেমন সাঁতার কাটা একা একাই শিখতে হয়। তবে একটা সাপোর্ট অবশ্য লাগে। বিপদের মুখোমুখি হলে শুধুমাত্র বাঁচানোর জন্য। শিক্ষক-অভিভাবকরা সেই কাজটাই করে দেওয়ার চেষ্টা করুন। পারাপারের মাঝির কাজটা করতে হবে শুধু। প্রকৃত শিক্ষক গুরু হতে পারেন তবে তিনি ছাত্র বন্ধু। সব সময় পড়ুয়াদের লক্ষ্য স্থির করে দেবেন। আর উৎসাহিত করবেন। মনে রাখতে হবে-প্রত্যেক পড়ুয়া এক একটা প্রতিভা নিয়ে জন্মায়। সেই প্রতিভার বীজকে যত্ন করে লালিত-পালিত করতে হবে। সফলতার দায়িত্ব ছাত্র-ছাত্রীদের। কেউ কাউকে বদলাতে পারে না। নিজেকে নিজেই বদলে নেবে। শুধু প্রতিযোগিতা জেতা নয় । পড়ুয়াদের আসল পরিচয় তার চরিত্র। তবে চরিত্র সৃষ্টি হয় কিছুটা জেনেটিক আবহে । অনেকটাই পিতা-মাতার হাতে থাকে এটি । এক্ষেত্রে অনেকটা তৈরি হয় স্কুল নয়,স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের হাতে। শিক্ষকদেরও নীতি মেনে চলা উচিত।
