‘বিগত সরকারের আমলে তৈরি করা ওয়েটিং লিস্ট বাতিল’, ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
কলকাতা: আর এক হাজার নয়। দেড় হাজার করে মিলবে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও দিব্যাঙ্গ ভাতা। সোমবার নবান্ন থেকে বর্ধিত হারে ভাতা চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে ভাতার ক্ষেত্রে বিগত সরকারের আমলে তৈরি করা ওয়েটিং লিস্টে বাতিল করলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নতুন সরকারের আমলে যাঁরা আবেদন করেছেন, তাঁদের অগ্রাধিকার দিতে হবে।
বর্ধিত হারে ভাতা নিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “অগস্ট মাসে যে ভাতা বৃদ্ধি হয়েছে তা আজ থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম। অর্থাৎ আপনারা যাঁরা জুলাই মাস পর্যন্ত মাসে এক হাজার করে পেতেন তাঁরা আজ অগস্ট মাসের বেনেফিট হিসেবে দেড় হাজার করে পেলেন।” এরপরই বিগত সরকারকে আক্রমণ করে শুভেন্দু বলেন, “আমাদের রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। আমরা আজ কার্যত অর্থনৈতিকভাবে দেউলিয়া রাজ্যে পরিণত হয়ে গিয়েছিলাম।এই জায়গা থেকে বেরিয়ে আসতে আরও এক বছর সময় লাগবে বলে আমি মনে করি। কেন্দ্রীয় সরকারের টাকা আসছে।” তিনি আরও জানান, ১৮ শতাংশ রাজস্ব বৃদ্ধি পেয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, “মুখ্যসচিব জোর দিয়েছেন, এই সরকারের নীতি হচ্ছে যোগ্য লোকের হাতে যোগ্য বেনেফিট পৌঁছে দেওয়া। একটা সরকারের ভাতা দেওয়া কাজ হতে পারে না। নানাধরনের উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দিতে হয়।…আপনি নিশ্চয়ই চাইবেন না যাঁদের বয়স হয়নি, তাঁরা বার্ধক্য পাতা পাক। পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রকোণায় একজনকে পুরুষ গ্রেফতার হয়েছেন। তাঁরা বিধবা ভাতা নিচ্ছিলেন। আমরা চাই, যোগ্য লোকের হাতে সামাজিক কল্যাণের ভাতা যাক। নতুনরা সুযোগ পাবেন।”
মুখ্যমন্ত্রী বলেন, “বিগত সরকারের ওয়েটিং লিস্ট বাতিল করলাম আমি। আমাদের বর্তমান সরকারের ক্ষেত্রে যাঁরা জনকল্যাণ শিবিরে নাম লিখিয়েছেন, তাঁদের ভেরিফিকেশন করে আগে টাকা দিতে হবে। এর বাইরে পশ্চিমবঙ্গ সরকারের চালু করা আপনার সরকার আপনার পাশে’ সেখানে যাঁরা আবেদন করেছেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। বিগত সরকারের তৈরি করা ওয়েটিং লিস্ট আজ থেকে বাতিল করা হল। নতুন সরকারের আমলে নতুন করে প্রাপকদের ওয়েটিং লিস্টের তালিকা তৈরি হবে। আজ যাঁরা পাচ্ছেন, তাঁদের দেওয়া হল।”
জনকল্য়াণ শিবিরে আবেদনের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, “আমরা গ্রাম পঞ্চায়েত স্তরে ও ওয়ার্ড স্তরে দুই দিনের জনকল্যাণ শিবির করব। আবেদন নেব। আবেদনের ভিত্তিতে যুক্ত করা হবে।”
