করোনা তথ্য না দিলে মহামারী আইন প্রয়োগ: স্বাস্থ্যদপ্তর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে তথ্য সময়মতো না জানালে সেই হাসপাতালের বিরুদ্ধে মহামারী আইন প্রয়োগ করা হবে। এমনই নির্দেশিকা রাজ্য স্বাস্থ্যদপ্তরের। ওই নির্দেশনামায় স্পষ্ট জানানো হয়েছে, করোনা আবহে রোগীদের চিকিৎসার সুবিধার জন্য করোনা পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু হয়েছে। এক্ষেত্রে প্রত্যেক রোগীর ভর্তি, আগাম বিপদ-সঙ্কেত, রোগ ও রক্ত পরীক্ষার রিপোর্ট, ছুটি বা মৃত্যু সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে রাখা হচ্ছে।
অন্যদিকে বেশ কিছু হাসপাতাল সরকারকে এই তথ্য জানাচ্ছে না বলে অভিযোগ। এক্ষেত্রে ওই নির্দেশনামায় বলা হয়েছে, এই জাতীয় ঘটনা ঘটলে মহামারী সংক্রান্ত আইন প্রয়োগ করা হবে। আবার হোমিওপ্যাথির শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল কাউন্সিল অব হোমিওপ্যাথির পক্ষ থেকে এক নির্দেশে দেশের সব হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে জানিয়েছে, হোমিওপ্যাথিক পঠন-পাঠনের ক্ষেত্রে বিএইচএমএস প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষা করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নেওয়া যাবে। উচ্চতর পড়াশোনার ক্ষেত্রে পঠন-পাঠন চালানো যেতেই পারে। তবে পরবর্তী ক্লাসে ওঠার জন্য পরীক্ষায় পাশ করতেই হবে।

