dr-c-mohan-reddyAccident Breaking News 

প্রয়াত হলেন দক্ষিণ ভারতের ‘দশ টাকার ডাক্তার’

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন দক্ষিণ ভারতের ‘দশ টাকার ডাক্তার’। নাম ডাঃ সি মোহন রেড্ডি। আকস্মিক শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা গিয়েছেন এই চিকিৎসক। জানা গিয়েছে, চেন্নাইয়ের এই চিকিৎসকের পারিশ্রমিক ছিল কেবলমাত্র ১০০ টাকা। তবুও গরিব, অসহায় মানুষ তা দিতে না পারলে, তাঁদের থেকে তিনি নিতেন মাত্র ১০ টাকা। আর এটাই ছিল তাঁর পারিশ্রমিক। এই কারণেই গরিব মানুষের কাছে ‘দশ টাকার ডাক্তার’ নামে পরিচিত ছিলেন তিনি।

সূত্রের খবর, ভিল্লিভাক্কামে তিনি গড়ে তুলেছিলেন মোহন নার্সিংহোম। লকডাউনকে উপেক্ষা করেও রোগী দেখেছেন প্রতিনিয়ত। সূত্রের আরও খবর, গত ২৫ জুন করোনাভাইরাস জনিত সমস্যায় ডাঃ রেড্ডিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফিরেও এসেছিলেন। এরপর আকস্মিক শ্বাসকষ্টজনিত সমস্যায় প্রয়াত হলেন ৮৪ বছর বয়সী ডাঃ মোহন রেড্ডি।

উল্লেখ্য, ১৯৩৬ সালে অন্ধ্রপ্রদেশের নেল্লোরে জন্মগ্রহণ করেন ডাঃ মোহন রেড্ডি। শুরুতে গুডুর অঞ্চলের একটি স্কুলে পড়াশোনা করার পরে স্নাতক হন কিলপুক মেডিক্যাল কলেজ থেকে। এরপর তিনি ভিল্লিভাক্কামে চালু করেন ৩০ শয্যা বিশিষ্ট একটি নার্সিংহোম। স্থানীয় সূত্রে খবর, গরিবদের জন্য সেই নার্সিংহোমের দ্বার খুলে দেন ডাঃ রেড্ডি। সেখান থেকেই তিনি হয়ে ওঠেন ‘দশ টাকার ডাক্তার’। স্থানীয় সূত্রে আরও জানা যায়, বিয়ে করেননি তিনি। পাশাপাশি আমৃত্যু গরিব মানুষের চিকিৎসা করে গিয়েছেন ডাঃ রেড্ডি।

হাসপাতালই ছিল তাঁর ঘর। রোগী দেখার জন্য ছিল না কোনও নিয়ম বা সময়। রোগীদের জন্য যে কোনও সময়ে তাঁর দরজা খোলা থাকতো। এদিন তাঁর ভাই ডাঃ সিএমকে রেড্ডি জানান, দাদা নিজে কোভিড আক্রান্ত হতে পারেন, এই ভাবনাকে আমল না দিয়েই লকডাউনেও চেম্বার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।

Related posts

Leave a Comment